১৫ দফা দাবিতে সারাদেশে নৌযান শ্রমিকদের লাগাতার কর্মবিরতির কারণে চট্টগ্রামে পণ্যবাহী লাইটারেজ জাহাজ চলাচল বন্ধ এবং বহির্নোঙ্গরে বড় জাহাজ থেকে মালামাল খালাস বন্ধ রয়েছে।
ফলে অলস দিন পার করছে শত শত শ্রমিকরা। বিদেশি জাহাজ থেকে পণ্য খালাস বন্ধ থাকায় প্রভাব পড়েছে বন্দরে।
শতভাগ খাদ্যভাতা, শ্রমিকদের নিয়োগপত্র, সার্ভিস বুক, ভারতগামী জাহাজের নাবিকদের ল্যান্ডিং পাস নিশ্চিতসহ ১৫ দফা দাবিতে লাগাতার কর্মবিরতি করছে চারটি সংগঠন। মঙ্গলবার রাত ১২টা থেকে চট্টগ্রামসহ সারাদেশে এই কর্মসূচি শুরু হয়েছে।
বাংলাদেশ লাইটারেজ শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সৈয়দ শাহাদাত হোসেন বলেন, কর্মবিরতির অংশ হিসেবে লাইটারেজ জাহাজ শ্রমিকরা চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে মাদার ভেসেল (বড় জাহাজ) থেকে পণ্য খালাস বন্ধ রাখার পাশাপাশি সারাদেশের নৌপথে লাইটার জাহাজ, কার্গো ট্রলার, বাল্কহেড চলাচল বন্ধ রয়েছে। তবে বরিশালে চরমোনাই মাহফিলে অংশগ্রহণের উদ্দেশে জাহাজ চলাচল এই কর্মসূচির আওতার বাইরে থাকবে।
এদিকে লাইটার জাহাজ শ্রমিকদের কর্মবিরতির কারণে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পণ্য খালাস বন্ধ হয়ে যাওয়ায় চট্টগ্রাম বন্দরের অপারেশনাল কাজে বিরূপ প্রভাব পড়তে শুরু করেছে।
বাংলাদেশ লাইটারেজ শ্রমিক ইউনিয়নের সভাপতি হাজী শেখ মোহাম্মদ ইছা মিয়া জানান, তার সংগঠনসহ বাংলাদেশ নৌযান শ্রমিক লীগ, বাংলাদেশ কার্গো ট্রলার বাল্কহেড শ্রমিক ইউনিয়ন এবং বাল্কহেড শ্রমিক ইউনিয়ন যৌথভাবে এই কর্মসূচি পালন করছে।
গত ২০ নভেম্বর জাতীয় প্রেস ক্লাবের সামনে শ্রমিক অধিকার সংরক্ষণ পরিষদ আয়োজিত এক মানববন্ধন থেকে এ কর্মসূচির ঘোষণা দেয়া হয়।