ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) প্রশাসনের সিদ্ধান্তকে অবৈধ আখ্যায়িত করে আদালতের রায়ের পরও ক্লাসে ফিরতে না পেরে প্রতিবাদের অংশ হিসেবে অবশেষে সিঁড়িতেই ক্লাস নিলেন অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক ড. রুশাদ ফরিদী।
১ ডিসেম্বর, রবিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের সিঁড়িতে এক ঘণ্টাব্যাপী ‘পরিসংখ্যানের প্রথম পাঠ’ বিষয়ে ক্লাস নেন তিনি। এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশ নেন।
রাষ্ট্রবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের এক শিক্ষার্থী বলেন, স্যারের ক্লাস খুবই ভাল লেগেছে। স্যারকে দ্রুত ক্লাসে ফিরিয়ে নেয়ার ব্যবস্থা করা উচিত।
ক্লাস নেয়ার বিষয়ে অধ্যাপক রুশাদ ফরিদী বলেন, ‘ক্লাস নেয়ার প্রস্তাব আমার ছাত্রদের পক্ষ থেকেই এসেছে। আমাকে ক্লাস নিতে দেয়া হচ্ছে না যার কারণে আমাকে সিঁড়িতেই ক্লাস নিতে হলো। তারা যদি চায় ক্লাস নেয়ার এ ধারা অব্যাহত থাকবে।’
ক্লাস নেয়ার পাশাপাশি অর্থনীতি বিভাগের চেয়ারম্যানের কক্ষের সামনে প্ল্যাকার্ড নিয়ে দাঁড়িয়ে প্রতিবাদ কর্মসূচি অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন এই অধ্যাপক। তিনি বলেছেন, যতদিন ক্লাসে যেতে দেওয়া হবে না তত দিন এই প্রতিবাদ অব্যাহত থাকবে।
প্রসঙ্গত, ২০১৭ সালের ১২ জুলাই বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের সিদ্ধান্তে অধ্যাপক রুশাদ ফরিদীকে বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়। সে বছরের জুলাই মাসের ১৯ তারিখ তিনি এই সিদ্ধান্তের বিরুদ্ধে রিট মামলা করেন। চলতি বছরের ২৫ আগস্ট হাইকোর্ট বাধ্যতামূলক ছুটির বিষয়টি অবৈধ ঘোষণা করেন। কিন্তু তারপরও কিছু জটিলতায় ক্লাসে ফিরতে পারেননি এই শিক্ষক।