ঢাকা, শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

অনুপ্রবেশ করে বাংলাদেশিকে মারধর: বিএসএফ সদস্যকে আটকের পর হস্তান্তর

বেনাপোল চেকপোস্ট দিয়ে সোমবার সন্ধ্যায় অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের অভিযোগে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর একজন সদস্যকে আটকের পর ভারতের কাছে হস্তান্তর করেছে বিজিবি।

দু’দেশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সমঝোতায় তাৎক্ষণিকভাবে পতাকা বৈঠকের মাধ্যমে বিএসএফ এর হেড কনস্টেবল শ্রী চৈতন্যকে হস্তান্তর করা হয়।

৪৯ বিজিবির বেনাপোল চেকপোস্টের ইনচার্জ সুবেদরা মিজানুর রহমান জানান, বেনাপোল চেকপোস্ট সংলগ্ন বড় আঁচড়া গ্রামে খোকনের ছেলে আলী হোসেন অবৈধভাবে ভারতে গেলে বিএসএফ সদস্যরা তাকে আটক করে। পরে আলী হোসেন কৌশলে পালিয়ে বাংলাদেশে ঢুকে পড়ে। তাকে ধরতে পিছু নেয় বিএসএফের ৫ সদস্য।

তিনি বলেন, বিএসএফ সদস্যরা নোম্যান্সল্যান্ড অতিক্রম করে বাংলাদেশের ২০০ গজ অভ্যন্তরে বেনাপোল চেকপোস্টের পুরাতন ইমিগ্রেশন বাউন্ডারির মধ্যে ঢুকে পড়ে আলী হোসেনকে ধরে বেদম মারধর করে। খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ছুটে আসে বিজিবি সদস্যরা। বিজিবির উপস্থিতি টের পেয়ে বিএসএফ এর চারজন সদস্য পালিয়ে গেলেও ধরা পড়েন শ্রী চৈতন্য। পরে তাৎক্ষণিকভাবে পতাকা বৈঠকের মাধ্যমে তাকে ভারতে হস্তান্তর করা হয়। আলী হোসেন পালিয়ে যান বলে জানান তিনি।