ঢাকা, রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

কুড়িগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে আহত যুবকের মৃত্যু

নাগেশ্বরী উপজেলার পাখিউড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে আহত যুবক আবুল হাসেমের মৃত্যু হয়েছে।

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার রাত ৯টার দিকে তিনি মারা যান বলে নাগেশ্বরী উপজেলার কচাকাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন অর রশিদ জানিয়েছেন।

এর আগে মঙ্গলবার ভোরে তিনি বিএসএফের গুলিতে আহত হয়েছিলেন বলে জানান কুড়িগ্রাম-২২ ব্যাটালিয়ান বিজিবির পাখিউড়া ক্যাম্পের নায়েক সুবেদার রবিউল ইসালাম।

নিহত হাসেম পাখিউড়ার কালাইর চর গ্রামের আবু বক্করের ছেলে।

স্থানীয়রা জানান, হাসেমসহ ৪-৫ জনের একটি দল গরু আনার উদ্দেশে ভোর রাতে ১০৩৯ নম্বর সীমানা পিলারের পাশ দিয়ে ভারতের আসাম রাজ্যের সয়তালমারী এলাকার ২০০ গজ ভেতরে প্রবেশ করেন। এ সময় আসামের ধুবরী জেলার ৪১ বিএসএফের সয়তালমারী ক্যাম্পের সদস্যরা তাদের উপস্থিতি টের পেয়ে গুলি ছুড়লে মাথায় গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন হাসেম। পরে সঙ্গীরা তাকে উদ্ধার করে গোপনে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।