বাংলাদেশের নিজস্ব ব্র্যান্ডের গাড়ি তৈরিতে প্রগতি ইন্ডাস্ট্রিজ লিমিটেডকে সহায়তার প্রস্তাব দিয়েছে জাপানের খ্যাতনামা প্রতিষ্ঠান মিতসুবিশি মটর কর্পোরেশন। এর পাশাপাশি রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান প্রগতি ইন্ডাস্ট্রিজের সাথে যৌথভাবে মিতসুবিশি ব্র্যান্ডের বাস, ট্রাক, পিকআপ ও মোটরকার উৎপাদনে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি।
৪ ডিসেম্বর, বুধবার শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূনের সাথে শিল্প মন্ত্রণালয়ে বৈঠককালে এ প্রস্তাব মিতসুবিশি মটর কর্পোরেশনের ভাইস প্রেসিডেন্ট টাটসু সাটুর।
শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব বেগম পরাগ, বাংলাদেশ স্টিল অ্যান্ড ইঞ্জিনিয়ারিং কর্পোরেশনের চেয়ারম্যান শেখ মো. মিজানুর রহমান, প্রগতি ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. তৌহিদুজ্জামান, মিতসুবিশি প্রতিনিধি দলের সদস্য শাফি তানভির, ইয়াসুহিকো ইউয়েদা এবং বাংলাদেশে জাপান দূতাবাসের দ্বিতীয় সচিব ইউকো আসানো বৈঠকে উপস্থিত ছিলেন।
বৈঠকে বাংলাদেশের অটোমোবাইলখাতে মিতসুবিশি কর্পোরেশনের বিনিয়োগ নিয়ে আলোচনা হয়। এ সময় বাংলাদেশের জন্য একটি সমন্বিত অটোমোবাইল নীতি প্রণয়নের ইস্যুটি আলোচনায় বিশেষভাবে স্থান পায়।
মিটসুবিশি প্রতিনিধি দলের সদস্যরা বলেন, বাংলাদেশে অটোমোবাইল শিল্পের বিশাল সম্ভাবনা রয়েছে। এ শিল্প বিকাশের মাধ্যমে কর্মসংস্থান বৃদ্ধির পাশাপাশি ব্যাকওয়ার্ড লিংকেজ ইন্ডাস্ট্রি সম্প্রসারণ ও আমদানিবিকল্প গাড়ি উৎপাদন সম্ভব। তারা এ খাতে মিতসুবিশিসহ বিদেশি বিনিয়োগ বাড়াতে একটি সমন্বিত ও বিনিয়োগবান্ধব অটোমোবাইল শিল্পনীতি প্রণয়নের তাগিদ দেন।