ঢাকা, বৃহস্পতিবার, ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বানরের জন্য অর্থ বরাদ্দ চাইলেন শাজাহান খান

বানরের জন্য অর্থ বরাদ্দ ও প্রকল্প চেয়েছেন আওয়ামী লীগের সংসদ সদস্য শাজাহান খান। ২০ জানুয়ারি, সোমবার জাতীয় সংসদের অধিবেশনে জরুরি জনগুরুত্বসম্পন্ন বিষয়ে মনোযোগ আকর্ষণের নোটিশের আলোচনায় তিন এই দাবি জানান।

এসময় শাজাহান খান তার নির্বাচনী এলাকা মাদারীপুরে বানরের জন্য খাদ্য সরবরাহ প্রসঙ্গে নোটিশ দেন।

শাজাহান খান বলেন, ‘মাদারীপুর পৌরসভার চরমুগুরিয়া বন্দর পাট ব্যবসার জন্য প্রসিদ্ধ। এখান থেকে হাজার হাজার মণ পাট ভারতে রপ্তানি হতো। জনশ্রুতি আছে, ভারতের তুলারাম বসুরাজ শখের বশে দুটি বানর এনেছিলেন। বাড়তে বাড়তে এখন সেই সংখ্যা দাঁড়িয়েছে প্রায় ২ হাজার।’

তিনি আরো বলেন, ‘স্বাধীনতার পর তুলারাম গোডাউন আদমজী পাটকলের গুদাম হিসেবে ব্যবহৃত হতো। সেখানের এক কর্মকর্তা বানরগুলোকে খাবার দিতেন। ১৯৮১ সালে বিএনপি গোডাউন বিক্রি করে দেয়। ফলে বানরদের খাবার দেয়াও বন্ধ হয়ে যায়।

তিনি বলেন, ‘১৯৯৮ সালে আওয়ামী লীগ সরকার বানরগুলোর জন্য খাবার সরবরাহ করেছিল। বর্তমানে সরবরাহ না থাকায় বানরগুলো রাস্তায় মানুষের খাবার ছিনিয়ে নেয়, দোকান থেকে খাবার ছিনিয়ে নেয়, বাড়ি বাড়ি গিয়ে অত্যাচার করে খাবার ছিনিয়ে নেয়। এখানকার জনগণ বানরের অত্যাচারে অতিষ্ঠ। বানরকুল রক্ষার জন্য তাদের খাদ্যের জন্য অর্থ বরাদ্দ ও প্রকল্প গ্রহণ জরুরি।’