মুদি দোকান, বিউটি পার্লার, রেস্তোরাঁসহ ১৬ ধরনের খুচরা ও সেবাখাতকে ভ্যাটভিত্তিক সুনির্দিষ্ট করের আওতায় আনছে সরকার।
রাজস্ব বাড়াতে উদ্যোগটি নেওয়া হয়েছে। তবে পাল্টা শর্ত দিয়েছেন ব্যবসায়ীরা।
ব্যবসায়ীদের বড় অংশ বলছে, চাঁদাবাজি ও হয়রানি বন্ধ হলে কর দিতে আপত্তি নেই।
আশঙ্কা আছে, বাড়তি করের চাপে শেষ পর্যন্ত পণ্যের দাম বাড়তে পারে।
নতুন করে যেসব খাতকে ভ্যাটের আওতায় আনার পরিকল্পনা হয়েছে, তার মধ্যে আছে তৈরি পোশাক ও কাপড়ের দোকান, কনফেকশনারি, কসমেটিকস, প্লাস্টিক-সিরামিকের গৃহস্থালি পণ্য, জুতার দোকান, হার্ডওয়্যার।
আরও আছে ডেকোরেটরস, মোবাইল-এসি-ফ্রিজ-ওভেন বিক্রেতা, পেইন্ট-স্যানিটারি-ফিটিংস, টাইলস, ঢেউটিন, রড-সিমেন্ট, ফার্নিচার, মিষ্টান্ন ভাণ্ডার ও রেস্তোরাঁ।
দেশের অর্থনীতির বড় অংশজুড়ে আছে পাড়া-মহল্লার ক্ষুদ্র ব্যবসা। বছরের পর বছর চললেও অনেকে নিয়মিত করের বাইরে।
সরকার বলছে, করের আওতা বাড়িয়ে রাজস্বে গতি আনা হবে।
এনবিআরের সাবেক চেয়ারম্যান ড. মোহাম্মদ আব্দুল মজিদ বলেন, এ উদ্যোগ ক্ষুদ্র ব্যবসাকে আনুষ্ঠানিক অর্থনীতিতে যুক্ত করবে। রাজস্ব আদায়ে ইতিবাচক ভূমিকা রাখবে।
অর্থনীতিবিদ অধ্যাপক ড. সাহাদাত হোসেন সিদ্দিকী বলেন, আওতা বাড়ানো জরুরি। তবে ক্ষুদ্র ব্যবসায়ীদের সক্ষমতা মাথায় রেখে সহজ ও ডিজিটাল কর ব্যবস্থা দরকার।
বিশেষজ্ঞরা বলছেন, সুশাসন, স্বচ্ছতা ও মানসম্মত সরকারি সেবা নিশ্চিত হলে অনানুষ্ঠানিক খাতেও কর পরিপালনের সংস্কৃতি গড়ে উঠবে।
সহজ নিবন্ধন ও সহনীয় কর কাঠামো চাইছে খাত সংশ্লিষ্টরা।