মাদকদ্রব্যের অপব্যবহার প্রতিরোধে দেশব্যাপী সামাজিক সচেতনতা ও কার্যকর প্রতিরোধমূলক কর্মকাণ্ড পরিচালনার স্বীকৃতিস্বরূপ জাতীয় পর্যায়ে প্রথম পুরস্কারে ভূষিত হয়েছে দেশের শীর্ষস্থানীয় বীমা প্রতিষ্ঠান পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসি।
গতকাল শুক্রবার (২৬ জুন) ‘মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস’ উপলক্ষে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত এক বিশেষ আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এই গৌরবজনক সম্মাননা দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ, এমপি-এর হাত থেকে আনুষ্ঠানিকভাবে এই প্রথম পুরস্কারের ট্রফি ও সম্মাননা স্মারক গ্রহণ করেন পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসি-এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও, বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের প্রেসিডেন্ট এবং বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী সদস্য বি এম ইউসুফ আলী।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অধীনে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উদযাপনে সার্বিক ব্যবস্থাপনা, মাদকবিরোধী প্রচার-প্রচারণা এবং যুবসমাজকে মাদকের করাল গ্রাস থেকে রক্ষায় পপুলার লাইফ ইন্স্যুরেন্স দীর্ঘ ধরে কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) কর্মসূচির আওতায় প্রশংসনীয় ভূমিকা পালন করে আসছে। প্রতিষ্ঠানটির এই সামাজিক অঙ্গীকারের ওপর ভিত্তি করেই জুরি বোর্ড তাদের এই সর্বোচ্চ রাষ্ট্রীয় পুরস্কারের জন্য মনোনীত করে।
পুরস্কার গ্রহণ শেষে এক প্রতিক্রিয়ায় বি এম ইউসুফ আলী বলেন, এই স্বীকৃতি তাদের সামাজিক দায়িত্ববোধকে আরও বাড়িয়ে দিয়েছে এবং মাদকমুক্ত সুস্থ সমাজ গঠনে পপুলার লাইফ ইন্স্যুরেন্সের এই অগ্রযাত্রা ভবিষ্যতেও অব্যাহত থাকবে। এদিকে করপোরেট স্তরে মাদকবিরোধী সামাজিক সচেতনতা ও প্রতিরোধমূলক কার্যক্রমে বেসরকারি একটি বীমা প্রতিষ্ঠানের এমন অনন্য ঐতিহাসিক অর্জনকে দেশের সামগ্রিক বীমা খাতের জন্য অত্যন্ত গর্বের ও অনুপ্রেরণার বিষয় বলে মন্তব্য করেছেন খাত সংশ্লিষ্ট বিশেষজ্ঞ ও ব্যবসায়ী নেতৃবৃন্দ।