ঢাকা, শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

দক্ষ কর্মী তৈরিতে ৬১ টিটিসিতে গাড়ী হস্তান্তর

বৈদেশিক চাহিদা অনুযায়ী দক্ষ কর্মী তৈরির লক্ষে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি) দেশের ৬১টি টিটিসির অধ্যক্ষের হাতে প্রশিক্ষণ গাড়ি হস্তান্তর করেছে।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় রাজধানীর কাকরাইলে বিএমইটি ভবনে ‘প্রশিক্ষণ গাড়ি ও সিমুলেটর হস্তান্তর’ অনুষ্ঠানে প্রধান অতিথি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ গাড়ির চাবি হস্তান্তর করেন।

দেশের বেকার যুবকদের প্রশিক্ষণ দিয়ে দক্ষ গাড়ি চালক তৈরির লক্ষে অর্থমন্ত্রণালয়ের স্কিল ফর এমপ্লয়মেন্ট ইনভেস্টমেন্ট প্রোগ্রাম (এসইআইপি)-এর আওতায় জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো টিটিসিগুলোতে এই গাড়ী সরবারহ করছে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী ইমরান আহমদ টিটিসির অধ্যক্ষদের উদ্দেশে বলেন, ”প্রশিক্ষণের জন্য আপনাদের হাতে যে গাড়ি হস্তান্তর করা হলো তার মেইনটেনেন্স যথাযথভাবে করতে হবে। যারা প্রশিক্ষণ নেবেন তাদের দক্ষ চালক হিসেবে তৈরির পাশাপাশি গাড়িগুলো যাতে কমপক্ষে ৫ বছর সচল থাকে তা নিশ্চিতে আপনাদেরই ব্যবস্থা নিতে হবে।”

অনুষ্ঠানে বক্তব্য রাখছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ।
এসময় তিনি আরো বলেন, ”আপনাদের কাছ থেকে প্রশিক্ষণ নিয়ে দক্ষ চালক হিসেবে যাতে বিদেশে গিয়ে ভাল বেতন চাকরি করতে পারেন, দেশে রেমিট্যান্স পাঠাতে পারেন সেদিকে আপনাদের নজর দিতে হবে।”

মন্ত্রী বলেন, ”এই মুহূর্তে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ড্রাইভারের বেশি চাহিদা। একটা কথা মনে রাখতে হবে, এসব কিন্তু লেফট ড্রাইভিং কান্ট্রি। তাই যারা প্রশিক্ষণ নেবে তাদের ওই দেশের জন্য উপযোগী হিসেবেই (লেফট হ্যান্ডেড ড্রাইভিং) হিসেবেই গড়ে তুলতে হবে। বাংলাদেশে ট্রেনিং নিয়ে মধ্যপ্রাচ্যের কোনো দেশে যাওয়ার পর যেন তাদের ফের প্রশিক্ষণের জন্য আরো ৬ মাস নষ্ট না হয় সেদিকে খেয়াল রাখতে হবে।”

অনুষ্ঠানে বক্তব্য রাখছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো: সেলিম রেজা।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো: সেলিম রেজা। তিনি বলেন, ”দক্ষকর্মী তৈরিতে টিটিসিগুলোতে এই গাড়ি সরবরাহ করা হচ্ছে তাই টিটিসির অধ্যক্ষদের বলবো, আপনারা দক্ষ চালক তৈরিতে সচেষ্ট থাকবেন। মান নিয়ে যেন কোনো কথা না হয়। শুধু চালক নয়, অন্যান্য ট্রেড বা কাজের জন্যও দক্ষকর্মী তৈরি করতে হবে। পাশাপাশি ইংরেজি ও আরবী ভাষা প্রশিক্ষণকেও গুরত্ব দিতে হবে। কারণ ভাষাটা এখন গুরুত্বপূর্ণ।”

এদিকে স্কিল ফর এমপ্লয়মেন্ট ইনভেস্টমেন্ট প্রোগ্রামের নির্বাহী পরিচালক মো. জাহিদুল হক বলেন, দেশের যুব সমাজকে দক্ষ ও যোগ্য হিসেবে গড়ে তুলতে প্রশিক্ষণ দিয়ে কর্মসংস্থান করাই এই কর্মসূচির মূল উদ্দেশ্য।

এসময় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, বিএইটির মহাপরিচালক শামছুল আলম, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আহমেদ মনিরুস ছালেহিন, বিএমইটি ও স্কিল ফর এমপ্লয়মেন্ট ইনভেস্টমেন্ট প্রোগ্রামের অন্যান্য কর্মকর্তারাসহ ৬১টি টিটিসির অধ্যক্ষবৃন্দ।