ঢাকা, শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

চুলও বাঁধেন ট্রাকও সারান, কুর্নিশ মহিলা মেকানিক শান্তি দেবীকে

নয়াদিল্লি: মেয়েরা যা শুধুই রাঁধতে আর চুল বাঁধতে পারে না, আরও কিছু পারে, তা আগেই প্রমাণ হয়েছে। যু্দ্ধক্ষেত্র কিংবা খেলার মাঠ, সব জায়গাতেই সমান দক্ষতা প্রদর্শন করেন তাঁরা। তবে গাড়ি মেকানিক মহিলা, দেখতে বোধহয় খুব একটা অভ্যস্ত নয় কেউ।

একবিংশ শতাব্দীতে মেয়েরা ছেলেদের থেকে কোনও অংশে পিছিয়ে নেই৷ তারা পাল্লা দিয়ে এরোপ্লেন চালাচ্ছে, ট্যাক্সি চালাচ্ছে এমনকি ট্রাকও৷ তবে গাড়ি সারাইয়ের কাজ এমন একটা পেশা যা এতদিন পুরুষরা দাপিয়ে বেড়াচ্ছিল৷ কিন্তু এবার হয়ত পুরুষদের সেই একচ্ছত্র প্রাধান্যও কমতে চলেছে৷

৫৫ বছরের শান্তি দেবী হলেন ভারতের প্রথম মহিলা ট্রাক মিস্ত্রী৷ জানা গিয়েছে, গত ২০ বছর ধরে বিভিন্ন ট্রাক সাড়াই করে চলেছেন তিনি৷ তাঁর স্বামী রাম বাহাদুরের সঙ্গে মিলে দিল্লির সঞ্জয় গান্ধী ট্রান্সপোর্ট নগরে একটি চায়ের দোকান খুলেছিলেন তিনি৷ সেই চায়ের দোকানই পরে ট্রাক সারাইয়ের দোকানে পরিণত হয়৷

স্বামীর হাতে হাতে ট্রাক সারাইয়ের কাজ করতে করতে নিজেই একদিন পাকা মিস্ত্রি হয়ে ওঠেন শান্তি দেবী৷ এখন পঞ্চাশ কিলোর ট্রাকের টায়ারে নিজেই সাড়াই করতে পারেন তিনি৷ শান্তি দেবী জানিয়েছেন, অনেক পুরুষ মিস্ত্রির চেয়েও ভালো কাজ করেন তিনি৷