ঢাকা, রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

করোনাভাইরাস: একাডেমিক কার্যক্রম স্থগিত চায় ঢাবি ও রাবির শিক্ষার্থীরা

করোনাভাইরাসের প্রাদুর্ভাবের প্রেক্ষাপটে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে সব ধরনের একাডেমিক কার্যক্রম স্থগিতের দাবিতে মানববন্ধন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীরা।

ঢাবি: বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে অনুষ্ঠিত মানববন্ধন থেকে করোনাভাইরাস শনাক্তের জন্য ক্যাম্পাসে মেডিকেল ক্যাম্প স্থাপন এবং কেউ আক্রান্ত হলে তার যথাযথ চিকিৎসা নিশ্চিত করারও দাবি জানান ঢাবি শিক্ষার্থীরা।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের এ মানববন্ধনে অংশগ্রহণকারীদের বেশিরভাগই ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের শিক্ষার্থী। যারা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে গণরুমে (যে কক্ষে অনেকজন গাদাগাদি করে থাকে) থাকেন।

মানববন্ধনে রায়হান আহমেদ নামে ২০১৯-২০ সেশনের এক শিক্ষার্থী বলেন, ‘এখানে উপাচার্য আমাদের সর্বোচ্চ অভিভাবক। তার কাছে আমরা বিশ্ববিদ্যালয়ের সব ধরনের একাডেমিক কার্যক্রম স্থগিত করার দাবি জানাচ্ছি। আমরা বাড়ি ফিরতে চাই।’

‘পরিস্থিতি এখনো নিয়ন্ত্রণে রয়েছে, কিন্তু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ একাডেমিক কার্যক্রম স্থগিত না করলে যেকোনো সময় খারাপ হতে পারে,’ যোগ করেন তিনি।

এদিকে, সব ধরনের ক্লাস ও পরীক্ষা স্থগিত চেয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে স্মারকলিপি জমা দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহকারী সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন।

পরে সাদ্দাম হোসেন বলেন, ‘আমরা এ বিষয়টির (করোনাভাইরাস) প্রেক্ষিতে সব শিক্ষর্থীর নিরাপত্তায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে পদক্ষেপ নেয়ার দাবি জানিয়েছি। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যেকোনো ধরনের সভা/সমাবেশ/ অনুষ্ঠান আয়োজনে অনুমতি না দেয়ার অনুরোধও জানিয়েছি।

রাবি: অপরদিকে, ক্যাম্পাস বন্ধ ঘোষণার দাবিতে রবিবার শহীদ তাজউদ্দিন আহমেদ সিনেট ভবনের সামনে মানববন্ধন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

এসময় তারা ‘আমরা ক্যাম্পাস বন্ধ চাই’, ‘আমরা করোনাভাইরাস থেকে নিরাপদ থাকতে চাই’সহ বিভিন্ন প্ল্যাকার্ড বহন করেন।

মানববন্ধনে তারা বলেন, করোনাভাইরাস প্রতিরোধে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কোনো পদক্ষেপ নেয়নি। তারা এ ভাইরাস থেকে নিরাপদ থাকতে চান। তাই তারা ক্যাম্পাস বন্ধ করার দাবি জানান।