ঢাকা, রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

করোনাভাইরাস: রবিবার থেকে ১০ টাকা কেজি দরে চাল বিক্রি

করোনাভাইরাসের সংক্রমণ রোধে দেশব্যাপী চলমান শাটডাউনের মধ্যে দরিদ্র মানুষের সহায়তায় রবিবার থেকে দেশের সব শহর ও জেলা শহরগুলোতে বিশেষ ওএমএস (ওপেন মার্কেট সেল) কার্যক্রমের আওতায় ১০ টাকা কেজি দরে চাল বিক্রি শুরু করতে যাচ্ছে সরকার।

বৃহস্পতিবার এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করেছে খাদ্য মন্ত্রণালয়।

ওএমএস কার্যক্রমের আওতায় প্রতি রবিবার, মঙ্গলবার ও বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বেলা ৩টা পর্যন্ত চাল বিক্রি করা হবে।

জাতীয় পরিচয়পত্র দেখিয়ে একজন ব্যক্তি সপ্তাহে সর্বোচ্চ ৫ কেজি চাল কিনতে পারবেন।

ঢাকার প্রতিটি কেন্দ্রের জন্য প্রতিদিন ৩ মেট্রিক টন এবং ঢাকার বাইরে প্রতি কেন্দ্রের জন্য ২ মেট্রিক টন চাল বরাদ্দ করা হবে।