ঢাকা, রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

করোনাভাইরাসে আরও ২ পুলিশ সদস্যের মৃত্যু

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) আরও দুই সদস্য বুধবার রাতে ও বৃহস্পতিবার ভোরে মারা গেছেন।

তারা হলেন- পিওএম (পুলিশ অর্ডার ম্যানেজমেন্ট) দক্ষিণ বিভাগের এএসআই আব্দুল খালেক এবং ট্রাফিক উত্তর বিভাগের এয়ারপোর্ট জোনের কনস্টেবল মোহাম্মদ আশেক মাহমুদ।

ডিএমপির উপকমিশনার (মিডিয়া) মাসুদুর রহমান জানান, করোনাভাইরাস সংক্রমণের উপসর্গ দেখা দেয়ায় ২৬ এপ্রিল আশেকের নমুনা সংগ্রহ করে বিএসএমএমইউ।

২৭ মার্চ প্রাপ্ত নমুনা পরীক্ষায় তিনি করোনা পজেটিভ হিসেবে শনাক্ত হলে তাকে সিদ্ধেশ্বরী স্কুল অ্যান্ড কলেজে আইসোলেশনে রাখা হয়। ২৯ এপ্রিল সন্ধ্যায় তার অবস্থার অবনতি হলে তাকে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের আইসিইউতে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৯টার দিকে তিনি মারা যান।

অন্যদিকে, ২৮ এপ্রিল খালেকের করোনাভাইরাস সংক্রমণের উপসর্গ দেখা দিলে আইইডিসিআর ওই দিনই তার নমুনা সংগ্রহ করে। পরে তার অবস্থার অবনতি হলে বুধবার রাতে তাকে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের আইসিইউতে নেয়া হয়। তিনি সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার ভোর সাড়ে ৪টার দিকে শেষ নিশ্বাস ত্যাগ করেন।

পুলিশের ব্যবস্থাপনায় বৃহস্পতিবার দুপুর ১২টায় রাজারবাগ কেন্দ্রীয় জামে মসজিদে জানাজা শেষে দুই পুলিশ সদস্যের মৃতদেহ তাদের গ্রামের বাড়িতে পাঠানো হয়।

এর আগে মঙ্গলবার প্রথম পুলিশ সদস্য হিসেবে ডিএমপির এক কনস্টেবল করোনাভাইরাসে মারা যান।