ঢাকা, রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

দেশে ২৪ ঘণ্টায় রেকর্ড ১০৩৪ জনের করোনা শনাক্ত, আরও ১১ জনের মৃত্যু

মহামারি করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বিশ্বে কমতে শুরু করলেও বাংলাদেশে ঠিক উল্টো চিত্র। মৃত্যুর সংখ্যা প্রতিদিন কমা-বাড়ার মধ্যে থাকলেও আক্রান্তের সংখ্যা প্রতিদিনই বাড়ছে।

গত ২৪ ঘণ্টায় রেকর্ড ১০৩৪ জনের করোনাভাইরাস শনাক্ত হওয়ার কথা জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

প্রাণঘাতী এ ভাইরাসে সোমবার পর্যন্ত আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পেয়ে ১৫ হাজার ৬৯১ জনে দাঁড়িয়েছে। আরও ১১ জনের মৃত্যুর মধ্যদিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৩৯ জনে।

স্বাস্থ্য অধিদপ্তরের কোভিড-১৯ সংক্রান্ত নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) ডা. নাসিমা সুলতানা এসব তথ্য জানান।

এদিকে দেশে করোনার নমুনা সংগ্রহ এবং পরীক্ষার হারও বেড়েছে। ফলে বেড়েছে নতুন করোনা রোগীর সংখ্যাও। আর শনাক্তের বেশিরভাগই ঢাকা ও এর আশপাশের এলাকার।

নাসিমা সুলতানা জানান, গত ২৪ ঘণ্টায় মোট ৭ হাজার ২৬৭টি নমুনা সংগ্রহ করা হয়েছে এবং ৭ হাজার ২০৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে। পরীক্ষায় একদিনে দেশে রেকর্ড ১০৩৪ জনের করোনা শনাক্ত হয়েছে।

নতুন করে মারা যাওয়া ১১ জনের মধ্যে পাঁচজন পুরুষ এবং ছয়জন নারী বলে জানান তিনি।

এছাড়া নতুন করে ২৪ ঘণ্টায় আরও ২৫২ জন করোনাভাইরাস আক্রান্ত রোগী সুস্থ হওয়ায় মোট ২ হাজার ৯০২ জন সুস্থ হয়েছেন বলেও জানান তিনি।