ঢাকা, রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

দেশে করোনা আক্রান্ত বেড়ে ১৬৬৬০ জনে দাঁড়াল, মোট মৃত্যু ২৫০

মহামারি করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় ৯৬৯ জন শনাক্ত হওয়ার কথা জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। প্রাণঘাতী এ ভাইরাসে মঙ্গলবার পর্যন্ত আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পেয়ে ১৬ হাজার ৬৬০ জনে দাঁড়িয়েছে। আরও ১১ জনের মৃত্যুর মধ্যদিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৫০ জনে।

স্বাস্থ্য অধিদপ্তরের কোভিড-১৯ সংক্রান্ত নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) ডা. নাসিমা সুলতানা এসব তথ্য জানান।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় মোট ৬ হাজার ৮৪৫টি নমুনা সংগ্রহ করা হয়েছে এবং ৬ হাজার ৭৭৩টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

নতুন করে মারা যাওয়া ১১ জনের মধ্যে সাতজন পুরুষ এবং চারজন নারী বলে জানান নাসিমা সুলতানা। ঢাকার পাঁচজন, নারায়ণগঞ্জ ও নরসিংদীর একজন করে এবং সিলেট ও চট্টগ্রাম বিভাগে দুজন করে মারা গেছেন।

এছাড়া নতুন করে ২৪ ঘণ্টায় আরও ২৪৫ জন করোনাভাইরাস আক্রান্ত রোগী সুস্থ হওয়ায় মোট ৩ হাজার ১৪৭ জন সুস্থ হয়েছেন বলেও জানান তিনি।