ঢাকা, রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বুধবার বাংলাদেশ ছাড়বেন ৪০ মালয়েশিয়ান নাগরিক

করোনাভাইরাস প্রাদুর্ভাবের মধ্যে মালয়েশিয়ান নাগরিকদের জন্য আরও একটি বিশেষ ফ্লাইট বুধবার ঢাকা থেকে কুয়ালালামপুরের উদ্দেশে রওনা হবে।

দূতাবাসের এক কর্মকর্তা জানান, ঢাকার মালয়েশিয়া দূতাবাস বাংলাদেশ থেকে মালিন্দো এয়ারলাইন্সে করে ৪০ নাগরিককে ফেরত নেয়ার ব্যবস্থা করছে, যার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দুপুর ১২টা ৫৫ মিনিটে ছেড়ে যাওয়ার কথা রয়েছে।

মালয়েশিয়ার নাগরিকদের ফিরে যাওয়ার সুবিধার্থে এটি তৃতীয় বিশেষ ফ্লাইট।

গত ২২ এপ্রিল মালয়েশিয়া ও সিঙ্গাপুরের নাগরিকসহ মোট ১৩০ জন একটি বিশেষ বিমানে ঢাকা ত্যাগ করেছিলেন।

ঢাকায় সিঙ্গাপুর কনস্যুলেটের সহযোগিতায় মালয়েশিয়ার হাইকমিশন তাদের নাগরিকদের দেশে ফেরত নিচ্ছে।

মালয়েশিয়ার হাইকমিশনের তথ্য অনুযায়ী, ১৩০ নাগরিকের মধ্যে ৬০ জন মালয়েশিয়ান এবং ২৯ জন সিঙ্গাপুরের ছিলেন।

এর আগে, ২৫ মার্চ মালয়েশিয়া এয়ারলাইন্সের একটি বিশেষ বিমানে প্রায় ২৩০ মালয়েশিয়ান নাগরিককে ঢাকা থেকে দেশে ফেরত নেয়া হয়েছিল।