সিলেটে এই প্রথম পুলিশের পাঁচ সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে চারজনই বিশ্বনাথ থানায় দায়িত্বরত।
আক্রান্তদের মধ্যে থানার দুইজন উপপরিদর্শক (এসআই) ও দুইজন সহকারী উপপরিদর্শক (এএসআই) রয়েছেন। এছাড়া বাকি একজন সিলেট জেলা পুলিশ লাইন্সের সাব ইন্সপেক্টর ও ডি স্টোর কিপার হিসেবে কর্মরত রয়েছেন।
বুধবার সন্ধ্যায় নমুনা পরীক্ষার রিপোর্ট থেকে তারা করোনা পজিটিভ বলে জানা যায়, বলেন সিলেটের পুলিশ সুপার মো. ফরিদ উদ্দিন।
তিনি জানান, করোনা পজিটিভ শনাক্ত পাঁচজনকেই জেলা পুলিশ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া বিশ্বনাথ থানায় আক্রান্তদের সংস্পর্শে আসা ১০/১২ জনকে কোয়ারেন্টাইনে নেয়া হয়েছে এবং জেলা পুলিশের কেউ আক্রান্ত সদস্যের সংস্পর্শে এসেছে কিনা তা পর্যবেক্ষণ করা হচ্ছে।
বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম মুসা বলেন, গত ১০ মে থানার আটজন পুলিশ সদস্যের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়। পরের দিন ১১ মে নেয়া হয় আরও ১৩ জনের নমুনা। প্রথম নমুনা নেওয়া আটজনের মধ্যে চারজনের রিপোর্ট এসেছে পজিটিভ। পরের নমুনা নেয়া ১৩ সদস্যের রিপোর্ট এখনও আসেনি।
তিনি বলেন, আক্রান্ত চারজনের অন্য কোনো উপসর্গ ছিল না, শুধু জ্বরটা ছিল বেশি। তারা আগে থেকেই আইসোলেশনে রয়েছেন।