ঢাকা, রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বঙ্গবন্ধু, প্রধানমন্ত্রীকে নিয়ে মানহানিকর তথ্য প্রচার: যুবক আটক

সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তিদেরকে নিয়ে মানহানিকর তথ্য প্রচারের অভিযোগে লালমনিরহাটের আদিতমারী উপজেলার এক যুবককে আটকের কথা জানিয়েছে র‌্যাব।

আটক আমিনুল হক রিপন (২৮) উপজেলার ভেলাবাড়ি ইউনিয়নের ভেলাবাড়ি গ্রামের মনোয়ার হোসেনের ছেলে।

বুধবার সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব-১৩ রংপুরের অতিরিক্ত পুলিশ সুপার ও কোম্পানি কমান্ডার  হাফিজুর রহমান জানান, দীর্ঘদিন থেকে আমিনুল হক রিপন ‘ছাত্রদল ইউনিয়ন শাখা’ নামে একটি ফেসবুক পেজ খুলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নামে অশ্লীল ও মানহানিকর তথ্য প্রচার করে আসছে। বিষয়টি জানার পর বুধবার ভোরে উপজেলার ভেলাবাড়ি গ্রামে অভিযান চালায় র‌্যাব সদস্যরা। পরে ওই যুবককে তার বাড়ি থেকে আটক করা হয়।

এ সময় তার মুঠোফোনসহ বিভিন্ন মোবাইলের সিম কার্ড উদ্ধারের দাবি করে র‌্যাব জানায়, তার ফেসবুক অ্যাকাউন্ট চেক করে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নামে মিথ্যা ও অশ্লীল মানহানিকর তথ্য প্রচারের প্রমাণ পায় তারা। আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই যুবক তার অপরাধের কথা স্বীকার করে।

আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম  জানান, আমিনুল হক রিপন নামে ওই যুবকের বিরুদ্ধে র‌্যাব বাদী হয়ে বুধবার সন্ধ্যায় আদিতমারী থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা করেছে।