গোপালগঞ্জে করোনায় আক্রান্ত হয়ে এক ব্যক্তি মারা গেছেন।
শনিবার (১৬ মে) সন্ধ্যা সাড়ে ৮ টার দিকে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে মারা যান তিনি।
গোপালগঞ্জ সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদ ও হাসপাতালের সহকারী পরিচালক ডা. অসিত মল্লিক বিষয়টি নিশ্চিত করেছেন।
করোনায় মৃত ওই ব্যক্তির বাড়ি গোপালগঞ্জ সদর উপজেলার করপাড়া গ্রামে।
জানা গেছে, মৃত ওই ব্যক্তি গোপালগঞ্জ শহরের মেডিকেয়ার ক্লিনিকের অপারেশন থিয়েটার (ওটি) সহকারী হিসেবে কর্মরত ছিলেন। সপ্তাহ খানেক আগে করোনার উপসর্গ দেখা দেয় তার। গত বুধবার তার নমুনা পরীক্ষার জন্য নেয়া হয়। বৃহস্পতিবার তার রিপোর্টে করোনা পজিটিভ আসে।
গোপালগঞ্জ সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদ জানান, মৃত ওই ব্যক্তির মরদেহ দাফনের জন্য গোপালগঞ্জ ইসলামিক ফাউন্ডেশনকে জানানো হয়েছে।
জানাজায় অংশ গ্রহনকারী মাও: মাসুদুল হক জানান মৃত্যু ব্যাক্তির দাফন কাফনে তার কোন স্বজনকে পাওয়া না গেলেও গোপালগঞ্জ সদর উপজেলার নির্বাহি অফিসার সাদিকুর রহমান মহোদয় এবং ৯নং ওয়ার্ডের কাউন্সিলর মোহাম্মদ আল-আমিন এর উপস্থিতিতে রাত ১ টায় করোনা রোগে আক্রান্ত মৃত ব্যক্তির গোসল, সম্পন্ন করেন ইসলামিক ফাউন্ডেশন, গোপালগঞ্জের সদর থানা টিম ও ইসলামী আন্দোলনের প্রতিনিধি তথা কওমি আলেমসমাজ।
গোপালগঞ্জে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ৮১ জন। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪১ জন। আর এই প্রথম করোনায় আক্রান্ত কোনো রোগী মারা গেলেন।