গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের রেলিংয়ে মোটরসাইকেল ধাক্কা দেওয়ার ঘটনায় আল রাফি (১৪) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। দুর্ঘটনায় মোটরসাইকেলে থাকা আরও দুই আরোহী গুরুতর আহত হয়েছেন। তারা দুজনই মাদ্রাসার শিক্ষার্থী বলে জানা গেছে।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধ কমপ্লেক্সের সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আল রাফি কুমিল্লার হোমনা উপজেলার বাসিন্দা আল আমিনের ছেলে। সে দশম শ্রেণিতে পড়ত। কয়েক দিন আগে টুঙ্গিপাড়ার গিমাডাঙ্গা গ্রামে খালার বাড়িতে বেড়াতে এসেছিল রাফি।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রাতে তিনজন একই মোটরসাইকেলে করে ওই সড়ক দিয়ে যাচ্ছিল। একপর্যায়ে মোটরসাইকেলটির চালক নিয়ন্ত্রণ হারালে সেটি সড়কের পাশের রেলিংয়ে সজোরে আঘাত করে। এতে তিন আরোহীই গুরুতর আহত হন।
দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাদের গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আল রাফিকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।
আহত অপর দুই মাদ্রাসাছাত্রের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
টুঙ্গিপাড়া থানার ওসি মো. আইয়ুব আলী দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, তিন আহতকে প্রথমে টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছিল। পরে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর আল রাফির মৃত্যু হয়। আহত অপর দুজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।