বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) ও জেলা প্রশাসনের উদ্যোগে গোপালগঞ্জে যথাযোগ্য মর্যাদায় বিশ্ব মেট্রোলজি দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে মঙ্গলবার (২০ মে) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক মিজ ফারহানা তানজিন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জের জেলা প্রশাসক মোঃ আরিফ-উজ-জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার জিয়াউল হক জিয়া।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন গোপালগঞ্জ বিএসটিআইয়ের উপপরিচালক নাজমুন নাহার। এছাড়া উপস্থিত ছিলেন বিএসটিআই গোপালগঞ্জের সহকারী পরিচালক গোবিন্দ কুমার ঘোষসহ গোপালগঞ্জ, মাদারীপুর ও শরীয়তপুর অঞ্চলের বিএসটিআই নিয়ন্ত্রিত বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।
আলোচনা সভায় বক্তারা পণ্য ও সেবার মান নিশ্চিতকরণে সঠিক পরিমাপ ব্যবস্থার গুরুত্ব তুলে ধরেন। তারা বলেন, আন্তর্জাতিক মান বজায় রাখা, শিল্প ও বাণিজ্যের উন্নয়ন এবং ভোক্তা অধিকার সুরক্ষায় মেট্রোলজি বা পরিমাপ বিজ্ঞানের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।