ঢাকা, রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ঈশ্বরদীতে করোনায় প্রথম মৃত্যু

করোনায় আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হলো ঈশ্বরদীতে। ঢাকার একটি বিশেষায়িত হাসপাতালে চিকিৎসাধীন মঙ্গলবার সকালে স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের অবসরপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মজিদের মৃত্যু হয়েছে।

মজিদ ঈশ্বরদীর মুলাডুলি ইউনিয়নের শেখপাড়া গ্রামের মৃত জাহির উদ্দিনের ছেলে।

পারিবারিক ও হাসপাতাল সূত্রে জানা গেছে, হার্টের সমস্যা ও শ্বাসকষ্ট নিয়ে মজিদ ২১ মে রাজধানীর শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি হন। এরপর তার নমুনা সংগ্রহ করা হয়। নমুনা পরীক্ষা করে তার করোনা পজিটিভ শনাক্ত হয়।

পরে অবস্থার অবনতি ঘটলে সোমবার তাকে ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মুলাডুলি মৃদ্ধাপাড়া কবর স্থানে মঙ্গলবার রাতে তাকে দাফন করা হয়েছে। সরকারের নির্দেশে কঠোর সতর্কতার মধ্য দিয়ে স্থানীয় প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশনের (ইফা) প্রশিক্ষণপ্রাপ্ত স্বেচ্ছাসেবীরা দাফন কাজ সম্পন্ন করেন।

এ বিষয়ে ঈশ্বরদী থানার পরিদর্শক (তদন্ত) অরবিন্দ সরকার জানান, আবুল মজিদ মুলাডুলি ইউনিয়নের শেখপাড়া গ্রামের বাসিন্দা হলেও দীর্ঘদিন পাবনা সদরের মেরিন বাইপাস এলাকায় বসবাস করতেন। হার্টের সমস্যায় ভুগছিলেন বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন।