ঢাকা, রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ফায়ার সার্ভিস বলছে, অগ্নিনির্বাপন ব্যবস্থা ছিলো না, কর্তৃপক্ষ বলছে, অভিযোগ সত্য নয়

রাজধানীর গুলশান-২ নম্বরের ৭১ নম্বর সড়কে অবস্থিত হাসপাতালটির এক্সটেনশন ভবনে বুধবার রাত ৯টা ৫৫ মিনিটে আগুন লাগে। ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট ২০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিস জানিয়েছে, আগুন নিয়ন্ত্রণের পর ৫ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রচণ্ড ধোঁয়ার কারণে তারা মারা গেছেন বলে ধারণা করা হচ্ছে।

ফায়ার সার্ভিসের ঢাকা বিভাগের উপ পরিচালক দেবাশীষ বর্ধন বলেন, এসি বিস্ফোরণ কিংবা বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। নিশ্চিত করে বলা যাবে তদন্তের পর।

পুলিশের গুলশান বিভাগের উপ-কমিশনার সুদীপ চক্রবর্তী বলেন, পুলিশের পক্ষ থেকে তদন্ত শুরু হয়েছে।

ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সাজ্জাদ হোসাইন বলেছেন, করোনা ইউনিটে অগ্নিনির্বাপনের ব্যবস্থা না থাকায় হতাহতের ঘটনা ঘটেছে।

ইউনাইটেড হাসপাতালের যোগাযোগ ও ব্যবসা উন্নয়ন বিভাগের প্রধান সাগুফা আনোয়ার বলেন, অগ্নিনির্বাপন ব্যবস্থা রয়েছে। তবে বাতাসের কারণে আগুন ছড়িয়ে গেছে।