ঢাকা, রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

২ মাস পর ভোমরা স্থলবন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু

দীর্ঘ দুই মাস ৮ দিন পর সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে মঙ্গলবার থেকে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে।

মহামারি করোনার সংক্রমন ঠেকাতে ভারত ও বাংলাদেশের লকডাউনের কবলে পড়ে এ বন্দর দিয়ে আমদানি রপ্তানি কার্যক্রম বন্ধ হয়ে ছিল।

ভোমরা সিএন্ডএফ এজেন্ট এ্যাসোশিয়েশনের সভাপতি আরাফাত হোসেন জানান, গত ২৪ মার্চ থেকে করোনার কারণে উভয় দেশের লকডাউন ঘোষনায় ভারত-বাংলাদেশ সকল প্রকার আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ হয়ে যায়।

গত সোমবার ভোমরা বন্দর এলাকায় জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল কাস্টমস্ ও বন্দর কর্তৃপক্ষ সহ সিএন্ডএফ কর্মকর্তা ও সদস্যদের সাথে আলোচনা করে স্বাস্থ্যবিধি মেনে আজ (মঙ্গলবার) থেকে আমদানি রপ্তানি কার্যক্রম শুরু করার সিদ্বান্ত নেয়া হয়।

এদিকে, আমদানি-রপ্তানি শুরু হওয়ায় ভোমরা বন্দরে আবারও ফিরে এসেছে কর্মচাঞ্চল্য। কর্মহীন শ্রমিক কর্মচারী সহ ব্যবসায়ীদের মধ্যে স্বস্তি ফিরে এসছে।