ঢাকা, রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

নড়বড়ে হাসপাতাল ব্যবস্থাপনায় ধস

কোভিড-১৯ আক্রান্ত এবং সাধারণ রোগী কারোরই চিকিৎসা নিশ্চিত করা হচ্ছে না। চিকিৎসা পেতে সাধারণ রোগী ছুটছেন এক হাসপাতাল থেকে আরেক হাসপাতালে। কিন্তু ছোটাছুটিই সার, কোনো চিকিৎসা পাচ্ছেন না। দেশের হাসপাতাল ব্যবস্থাপনা এক প্রকার ভেঙে পড়েছে। কোনো হাসপাতালই নিয়মনীতির তোয়াক্কা করছে না। ইচ্ছামতো চিকিৎসাসেবা চালাচ্ছে। ব্যবস্থাপনায় দেখা দিয়েছে চরম নৈরাজ্য। সরকার চিকিৎসাসেবা অব্যাহত রাখার বারবার নির্দেশ দিলেও কেউ তা আমলে নিচ্ছে না। এমন বাস্তবতায় হাসপাতালে ভর্তি হতে না হতে অ্যাম্বুলেন্সেই মারা যাচ্ছে রোগী। পথেই সন্তান প্রসব করছে প্রসূতি। করোনা হাসপতালের চিকিৎসাসেবার দুর্বলতা প্রকাশ করে দিয়েছে। চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে দেশের স্বাস্থ্য ব্যবস্থাপনার স্বরূপ। বর্তমান বাস্তবতা বলছে হাসপাতাল ব্যবস্থাপনা বলতে কিছুই নেই। চলছে নিজস্ব নীতিতে।

দেশে করোনা শনাক্ত হয় ৮ মার্চ। এরপর থেকে সংকুচিত হতে থাকে সরকারি-বেসরকারি হাসপাতালে চিকিৎসাসেবার পরিধি। বন্ধ হতে থাকে বিশেষজ্ঞ চিকিৎসকের প্রাইভেট চেম্বার। যতই দিন যায় ততই করোনা আক্রান্তের সংখ্যা বাড়তে থাকে। কমতে থাকে সাধারণ রোগীদের চিকিৎসার স্থান। সরকারি-বেসরকারি হাসপাতালের চিকিৎসক-নার্স সুরক্ষাসামগ্রী ছাড়া রোগীর চিকিৎসাসেবা

দিতে অনীহা প্রকাশ করতে থাকে। এ অবস্থায় হাসপাতালগুলোয় রোগী ভর্তির পরিধি ক্ষীণ হয়ে আসে। এই পরিস্থিতিতে হাসপাতালগুলোয় কমতে থাকে রোগীর সংখ্যা।

দেশের বৃহত্তম চিকিৎসাসেবা প্রতিষ্ঠান হচ্ছে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল। ২ হাজার ৩০০ বেডের হাসপাতালটিতে প্রতিদিন তিন থেকে সাড়ে তিন হাজার রোগী ভর্তি থাকে। হাসপাতালটি থেকে ভর্তিযোগ্য কোনো রোগীকে ফেরত দেওয়া হয় না। অথচ করোনার সংক্রমণের ভয়ে এ হাসপাতালে রোগী ভর্তি সীমিত করা হয়েছে। হাসপাতালের সব বিভাগে রোগী নেই। অনেক জটিল রোগী ভর্তি হতে না পেরে ফিরে যেতে বাধ্য হয়েছেন।

দেশের শীর্ষস্থানীয় চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ)। প্রতিষ্ঠানটিতে ১ হাজার ৯০৪টি সাধারণ শয্যা, ১২৪টি কেবিন ও ২৪টি আইসিইউ শয্যা রয়েছে। করোনা সংক্রমণের ভয়ে হাসপাতালে মার্চ মাসের শেষদিকে ভর্তি সীমিত করা হয়। এমনকি ২৫ মার্চের পর জটিল কিছু রোগী ছাড়া অন্যদের হাসপাতাল থেকে রিলিজ দেওয়া শুরু হয় এবং এপ্রিল মাসে হাসপাতালের বেশিরভাগ বিভাগ খালি করে ফেলা হয়। এরপর হাতেগোনা কিছু রোগী ভর্তি করা হলেও প্রায় দুই মাস ধরে হাসপাতালের বেশির ভাগ শয্যা খালি পড়ে আছে। বর্তমানে হাসপাতালটিতে আড়াই শতাধিক রোগী আছে। ১২৪টি কেবিনে রোগী আছে মাত্র ২০ জন আর ২৪ শয্যার আইসিইউতে রোগী আছে ১০ জন। শুধু সংক্রমণের ভয়ে হাসপাতাল প্রশাসন ও চিকিৎসকরা রোগী ভর্তি বন্ধ রাখে। তবে হাসপাতালটিতে সীমিত পরিসরে বহির্বিভাগ ও জরুরি বিভাগ চালু রাখা হয়।

এই তো সাধারণ রোগীদের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল ও বিএসএমএমইউ হাসপাতালের চিকিৎসাসেবা প্রদানের চিত্র। শুধু এ দুটি হাসপাতালই নয়, দেশের সরকারি-বেসরকারি সব চিকিৎসাসেবা প্রতিষ্ঠানই একই পথ অবলম্বন করেছে। সংক্রমণ রোধে সাধারণ রোগীদের চিকিৎসাসেবা থেকে বিরত থাকছে চিকিৎসাকেন্দ্রগুলো।

অন্যদিকে, করোনা রোগীর নির্ধারিত হাসপাতালগুলোর চিত্র খুব একটা ভালো নয়। করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হতে গেলে ঘণ্টার পর ঘণ্টা বসে থাকতে হয়েছে। ভর্তির পর ডাক্তার-নার্স কাছে যাননি। খাবার সরবরাহের লোক নেই। বাথরুম নিয়মিত পরিষ্কার করা হচ্ছে না। অক্সিজেন, আইসিইউ, ভেন্টিলেটর পেতেও ভোগান্তির সীমা নেই।

জানা গেছে, করোনা ভাইরাসে আক্রান্তদের চিকিৎসা দেওয়ার জন্য রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতাল ও কুয়েত-বাংলাদেশ মৈত্রী হাসপাতাল নির্ধারণ করে সরকার। কিন্তু সেখানেও সঠিক সেবা পাননি রোগীরা। কারণ হাসপাতাল ব্যবস্থাপনা ভালো ছিল না। কুর্মিটোলা হাসপাতালে যন্ত্রপাতিসহ অন্য কিছু ঠিকঠাক থাকলেও চিকিৎসক-নার্সসহ স্বাস্থ্যকর্মীদের সেবা প্রদানের মানসিকতা ছিল না। আর কুয়েত-বাংলাদেশ মৈত্রী হাসপাতালে অক্সিজেন, আইসিইউ ও পরীক্ষা-নিরীক্ষার যন্ত্রপাতির অভাব রয়েছে। সব মিলিয়ে করোনা রোগীরা চিকিৎসা পেতে পদে পদে ভোগান্তির শিকার হচ্ছেন।

কুর্মিটোলা হাসপাতালে চিকিৎসা নিয়ে বাড়ি ফেরা এক সাংবাদিক বললেন, হাসপাতালে ভর্তি হতে গিয়ে প্রায় ৩ ঘণ্টা কাউন্টারে বসে থাকতে হয়েছে। ভর্তির পর চিকিৎসক-নার্সদের দেখা পাওয়া যায়নি। প্রতিদিন ডাক্তার একবার রাউন্ডে এলেও অনেক দূর থেকে রোগীর সঙ্গে কথা বলেছেন। রোগীর কাছে খাবার পৌঁছানো হয় না। নিজে গিয়ে খাবার আনতে হয়। যারা বেশি অসুস্থ তাদের খাবার আনতে কষ্ট হয়েছে। নিয়মিত বাথরুম পরিষ্কার করা হয় না। বড় সমস্যা হয়েছে একটি লাশ পড়ে আছে, কেউ সরাচ্ছে না। এটি খুবই খারাপ লেগেছে।

কুয়েত-বাংলাদেশ মৈত্রী হাসপাতালে করোনা রোগীদের চিকিৎসা দিতে কয়েকজন চিকিৎসক রাজি হননি। এ জন্য তাদের সাময়িক সাসপেন্ড করা হয়। করোনার রোগীর জন্য অতিপ্রয়োজনীয় হচ্ছে অক্সিজেন। কিন্তু সেখানে চিকিৎসা চলে সিলিন্ডার অক্সিজেন দিয়ে। লিকুইড অক্সিজেন লাইন, আইসিইউ ও পরীক্ষা-নিরীক্ষার যন্ত্রপাতির অভাব রয়েছে। হাসপাতালটিতে রোগী ও স্বাস্থ্যকর্মীদের মধ্যে খাবার সরবরাহ নিয়ে অনেক অভিযোগ। এই তো গেল করোনা রোগীর চিকিৎসার জন্য নির্ধারিত হাসপাতালের চিত্র।

রোগী বাড়ায় ঢাকায় করোনার হাসপাতাল বাড়িয়ে ১৬টি করা হয়েছে। কিন্তু হাসপাতাল ব্যবস্থাপনা ভালো না হওয়ায় সেবা নিয়ে সন্তুষ্ট নন রোগীরা। করোনার চিকিৎসার বিষয়টি সোস্যাল মিডিয়া ও গণমাধ্যমে জানতে পেরে অনেকে এখন হাসপাতালে যেতে আগ্রহী নয়। তারা বাসায় বসে চিকিৎসা নিচ্ছেন। অনেকে করোনায় সংক্রমিত হলে হাসপাতাল না গিয়ে বাসায় চিকিৎসা নেওয়ার জন্য অক্সিমিটার, পালস মিটার, নেবুলাইজার, অক্সিজেন সিলিন্ডার ও বিভিন্ন ধরনের ওষুধ বাসায় সংগ্রহ করে রাখছেন। গত শুক্রবার বিকালে এক গণমাধ্যমকর্মী আমাদের সময়কে বলেন, গত ৩ জুন তার করোনা পজিটিভ এসেছে। করোনা উপসর্গ দেখা দেওয়ার পর তিনি স্বাস্থ্য অধিদপ্তরের সঙ্গে হটলাইনে কথা বলেন। সেখান থেকে তাকে ওষুধ সেবন এবং করোনা টেস্ট করার পরামর্শ দিয়েছেন। টেস্ট করার পর রিপোর্ট পজিটিভ এসেছে। কিন্তু এখন পর্যন্ত অধিদপ্তর থেকে কেউ ফোন করে এ বিষয়ে জানতে চায়নি। হাসপাতালে চিকিৎসা পেতে অনেক ভোগান্তি হবে জেনে তিনি একজন মেডিসিন বিশেষজ্ঞর পরামর্শমতো ওষুধ সেবন করছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, সারাদেশে সরকারি ৬৫৪টি হাসপাতাল রয়েছে। এর মধ্যে উপজেলা পর্যায়ে ৫১৪টি এবং জেলা পর্যায়ে ১৪০টি। এসব হাসপাতালে আইসিইউ শয্যা আছে ৪৩২টি। এর মধ্যে ঢাকা বিভাগে ৩২২ এবং বাকি ১১০টি সারাদেশে। এ ছাড়া রেজিস্টার্ড বেসরকারি হাসপাতাল আছে ৫ হাজার ৫৫টি। কিন্তু করোনা সংক্রমণের পর থেকে এসব হাসপাতাল চিকিৎসাসেবা প্রদান থেকে অনেকটাই বিরত রয়েছে। স্বাস্থ্যসেবা বিভাগ সরকারি-বেসরকারি হাসপাতালে চিকিৎসাসেবা নিশ্চিত করতে পারেনি।

করোনা ভাইরাস মোকাবিলায় গৃহীত স্বাস্থ্যসেবা কার্যক্রম পর্যালোচনা ও সমন্বয়ের লক্ষ্যে সরকারের গঠিত জনস্বাস্থ্য বিশেষজ্ঞ কমিটির ঢাকা বিভাগের দায়িত্বরত বিশেষজ্ঞ ও স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক অধ্যাপক ডা. শাহ মনির হোসেন বলেন, এটি থেকে উত্তরণে শক্তিশালী মনিটরিং ব্যবস্থা থাকতে হবে। তার কমপ্লøায়েন্সগুলো এনসিওর করতে হবে। আরেকটি বিষয় আছে হেলথ প্রোভাইডারদের নিরাপত্তার বিষয়টি খুব সিরিয়াসলি দেখতে হবে। প্রোভাইডারদের নিরাপত্তা যদি এনসিওর করা যায়, তা হলে যতই বলা হোক আমরা তাদের সাপোর্ট পাব না। সুতরাং দুটি বিষয় হচ্ছে পাশাপাশিÑ একটি হেলথ প্রোভাইডারদের নিরাপত্তা এনসিওর করতে হবে এবং কমপ্লায়েন্সগুলো এনসিওর করতে হবে।

জনস্বাস্থ্য বিশেষজ্ঞ বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের সাবেক উপদেষ্টা অধ্যাপক ডা. মোজাহেরুল হক বলেন, হাসপাতাল ব্যবস্থাপনা একটি বিশৃঙ্খল পর্যায়ে আছে। এমনিতেই হাসপাতাল ব্যবস্থাপনা আমাদের ভালো না। বর্তমান সময়ে কিছু জরুরি ব্যবস্থা নেওয়ার প্রয়োজন ছিল। এটা বিলম্বের কারণে জনগণের ভোগান্তি বাড়ছে। কোথাও কোথাও মৃত্যুর ঘটনাও ঘটছে।

অধ্যাপক ডা. মোজাহেরুল হক বলেছেন, চিকিৎসাসেবা নিশ্চিত করতে হলে স্বাস্থ্য অধিদপ্তরের মনিটরিং ব্যবস্থা শক্তিশালী করতে হবে। সরকারের যেসব নির্দেশনা দিয়েছে, সেগুলো বাস্তবায়িত হচ্ছে কিনা এটা দেখার দায়িত্ব স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদপ্তরের। যদি কোনো সরকারি বা বেসরকারি হাসপাতাল নির্দেশনা না মানে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে হবে। তা হলে হয়তো হাসপাতাল ব্যবস্থাপনায় কিছু উন্নতি হবে।

অধ্যাপক ডা. মোজাহেরুল হক বলেছেন, মনিটরিংয়ে জন্য স্বাস্থ্য অধিদপ্তরের কাউকে এবং সিভিল সার্জনদের দাায়িত্ব দিয়ে তাদের জবাবদিহিতার আওতায় আনতে হবে। এর আগে স্বাস্থ্যসেবা ও স্বাস্থ্য ব্যবস্থাপনার মান উন্নয়ন করতে হবে। যেসব হাসপাতালে শয্যা থেকে শুরু করে সরঞ্জাম, যন্ত্রপাতি প্রয়োজন- তালিকা তৈরি করে তার ব্যবস্থা করতে হবে। এটি হলে কোনো রোগী চিকিৎসা না পেয়ে মারা যাবে না। তা না হলে যত নির্দেশনাই দেওয়া হোক, ফল পাওয়া যাবে না।