করোনাভাইরাস মহামারীর মধ্যেও পরিবহন চাঁদাবাজরা বেপরোয়া হয়ে উঠেছে। লকডাউনের পর কোনো কোনো ক্ষেত্রে চাঁদার হারও (রেট) বেড়ে যায়। কেউ ভয় দেখিয়ে, কেউ দলীয় পরিচয়ে, কেউ সংগঠন বা পৌর উন্নয়নের নামে চাঁদা তুলছে। চাঁদাবাজিতে হাইওয়ে পুলিশও থেমে নেই। এখন দ্বিগুণ হারে তারা চাঁদা আদায় করছে।
তবে পুলিশ সদর দফতরসহ উচ্চ পর্যায়ের কর্মকর্তারা চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছেন। গণপরিবহনে চাঁদাবাজি শূন্যের কোঠায় নামিয়ে আনতে চান তারা। সেজন্য বিশেষ অভিযান শুরু হয়েছে।
২ জুন থেকে ৯ জুন এ সাত দিনে ঢাকা মহানগরের বাইরে ঢাকা রেঞ্জে পুলিশ বাদী হয়ে ৩৩টি চাঁদাবাজির মামলা করেছে।
এসব মামলায় ৬৫ জনকে গ্রেফতার করা হয়েছে। তবে এখন পর্যন্ত হাইওয়ে পুলিশের কোনো সদস্যের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়নি। সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা গেছে।
এ বিষয়ে জানতে চাইলে হাইওয়ে পুলিশের ডিআইজি মল্লিক ফখরুল ইসলাম যুগান্তরকে বলেন, পরিবহনে চাঁদাবাজির বিরুদ্ধে এ মুহূর্তে আমাদের অবস্থান একেবারে জিরো টলারেন্সে। পুলিশের কোনো সদস্য চাঁদা আদায় করতে পারবে না।
চাঁদাবাজদের বিরুদ্ধে পুলিশ যথাযথ ব্যবস্থা নিচ্ছে। তিনি বলেন, সুনির্দিষ্ট তথ্য পেলে কাউকে একবিন্দু ছাড় দেয়া হবে না।
এ ব্যাপারে পুলিশ সদর দফতরের এআইজি সোহেল রানা যুগান্তরকে বলেন, পরিবহন সেক্টরে চাঁদাবাজি বন্ধের জন্য পরিবহন মালিক-শ্রমিকদের সঙ্গে আইজিপি মিটিং করেছেন। ইতোমধ্যে আমাদের বিশেষ অভিযান শুরু হয়েছে। বেশ কয়েকজন চাঁদাবাজও গ্রেফতার হয়েছে।
ময়মনসিংহের মুক্তাগাছার ট্রাকচালক জালাল উদ্দিন যুগান্তরকে বলেন, লকডাউনপরবর্তী সময়ে হাইওয়ে পুলিশের চাঁদার রেট আগের চেয়ে বেড়ে গেছে। মাছ অথবা কাঁচামাল নিয়ে সিলেটে যাওয়ার পথে কমপক্ষে পাঁচ জায়গায় পুলিশকে দুই থেকে আড়াই হাজার টাকা চাঁদা দিতে হয়।
শায়েস্তাগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া ও শেরপুরে (হবিগঞ্জ) ৫০০ টাকা করে এবং ভৈরব, কটিয়াদি, নান্দাইলে ২০০ টাকা করে চাঁদা দিতে হয়।
ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে পণ্যবাহী ট্রাকচালক জাহিরুল ইসলাম বলেন, অন্য রুটের তুলনায় এ রুটে চাঁদাবাজি কিছুটা কম। এরপরও ট্রাক নিয়ে বের হলে দিনে পুলিশকে ৭০০ থেকে এক হাজার টাকা চাঁদা দিতে হয়।
গাজীপুর-ভালুকা রুটে চলাচলকারী তাকওয়া পরিবহনের বাসচালক রায়হানুল ইসলাম বলেন, হাইওয়ে পুলিশ প্রতিটি গাড়ি থেকে ২০০ টাকা করে চাঁদা নিচ্ছে।
এছাড়া এলাকার এক প্রভাবশালী রাজনীতিবিদ ও এক কাউন্সিলের নেতৃত্বে সব ধরনের পরিবহন থেকে নানা অংকের চাঁদা আদায় করা হচ্ছে। রাস্তার পাশের টং দোকান থেকেও চাঁদা আদায় করা হচ্ছে। চাঁদা আদায়ের ক্ষেত্রে কোনো কোনো ক্ষেত্রে পৌর উন্নয়নের অজুহাত দেয়া হচ্ছে।
আশুলিয়া থানার এসআই ওহিদ মিয়া যুগান্তরকে বলেন, ২ জুন বাইপাইল এলাকায় গণপরিবহন থেকে চাঁদা আদায়ের সময় হাতেনাতে দুইজনকে গ্রেফতার করা হয়। তাদের জিজ্ঞাসাবাদে আরও ৮ জন চাঁদাবাজের নাম বেরিয়ে আসে।
পরে অভিযান চালিয়ে একজনকে গ্রেফতার করা হয়েছে।
ঢাকা জেলা পুলিশ ডিবি উত্তরের এসআই বিলায়েত হোসেন বলেন, ২ জুন নবীনগর ও বাইপাইল এলাকায় পরিবহনে চাঁদাবাজির সময় ছয়জনকে হাতেনাতে গ্রেফতার করা হয়।
মালিক সমিতি ও শ্রমিক ফেডারেশনের নামে তারা চাঁদা তুলছিল। তাদের কাছে চাঁদার ৬-৭ হাজার টাকা পাওয়া যায়। ঢাকা জেলা ডিবি উত্তরের এসআই সুজিত সরকার জানান, ৫ জুন বাইপাইল নবীনগর এলাকায় ট্রাকে চাঁদাবাজির সময় পৃথক ঘটনায় পাঁচ জনকে গ্রেফতার করা হয়।
কেরানীগঞ্জ মডেল থানার এসআই মোস্তাফিজুর রহমান বলেন, এসআই রফিকের নেতৃত্বে পুলিশের একটি দল ৫ জুন ঘাটারচর এলাকায় অভিযান চালিয়ে দুইজনকে হাতেনাতে গ্রেফতার করে। তিনি জানান, গাড়িপ্রতি ৫২০ টাকা করে চাঁদা তুলছিল তারা।
আগে ৪০০ টাকা করে চাঁদা তুললেও লকডাউনের পর ১২০ টাকা বাড়ানো হয়। এর মধ্যে গাড়িতে স্প্রে করার জন্য ১০০ টাকা এবং কাউন্টার খরচের নামে ২০ টাকা করে বাড়তি তোলা হচ্ছিল।
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানার এসআই শাহ আলম মিয়া বলেন, সংগঠনের নামে আন্তঃজেলা ট্রাক থেকে ২০ টাকা থেকে ১০০ টাকা করে চাঁদা তোলার সময় দুইজনকে গ্রেফতার করা হয়।
৫ জুন কেরানীগঞ্জের বসুন্ধরা ময়দার রিশ এলাকা থেকে কোন্ডা ইউনিয়ন ট্রাক শ্রমিক লীগের সাধারণ সম্পাদক নাসির ও তার সহযোগীকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে চাঁদার তিন হাজার ৬০ টাকা জব্দ করা হয়।
মুন্সীগঞ্জের লৌহজং থানার এসআই শহিদুল ইসলাম বলেন, ৬ জুন মাওয়া-শিমুলিয়া ঘাটে অভিযান চালিয়ে তিন চাঁদাবাজকে গ্রেফতার করা হয়। এ সময় আরও ২-৩ জন পালিয়ে যায়। একই থানার এসআই রাসেল মিয়া জানান, ৭ জুন শিমুলিয়া ঘাটে সিরিয়াল পাইয়ে দেয়ার নামে টিকিট
বিক্রেতাদের ভয় দেখিয়ে স্বাধীন পরিবহনের প্রতিটি গাড়ি থেকে ৫০০ টাকা করে চাঁদা আদায়ের খবর পাওয়া যায়। অভিযান চালিয়ে চাঁদাবাজ বিল্লাল হোসেনকে গ্রেফতার করা হয়। এ সময় দুইজন পালিয়ে যায়।
নারায়ণগঞ্জের ফতুল্লা মডেল থানার এসআই ইমানুর হোসেন যুগান্তরকে বলেন, বোরাক পরিবহন থেকে চাঁদা আদায় করার সময় পেশাদার চাঁদাবাজ মহিউদ্দিন ও তার সহযোগীদের গ্রেফতার করা হয়েছে।
৫ জুন গোপন সংবাদের ভিত্তিতে পাগলা বাজারের মেইন রোড এলাকায় তাদের গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে আরও ১০-১৫ জন চাঁদাবাজের বিষয়ে তথ্য পাওয়া গেছে।
নারায়ণগঞ্জের সোনারগাঁও থানার এসআই হাসিব হোসেন বলেন, বুধবার কাঁচপুর এলাকায় অভিযান চালিয়ে মমিন নামের এক চাঁদাবাজকে গ্রেফতার করা হয়েছে।
এ সময় একজন পালিয়ে যায়। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার এসআই ফারুক হোসেন বলেন, সিদ্ধিরগঞ্জের শিমরাইল এলাকায় লেগুনাসহ স্থানীয় পরিবহন থেকে চাঁদা তোলার সময় ৬ জুন দুইজনকে গ্রেফতার করা হয়।
পরিবহন মালিক সমিতির নামে একটি চক্র দীর্ঘদিন ধরে শিমরাইরসহ এলাকার কয়েকটি স্থানে চাঁদাবাজি করে আসছিল।
গাজীপুরের কালিয়াকৈর থানার এসআই আবু সাইদ যুগান্তরকে বলেন, ৫ জুন ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের সফিপুর বাজার এবং চন্দ্রা এলাকায় অভিযান চালিয়ে চারজনকে গ্রেফতার করা হয়। শ্রমিক ফেডারেশনের নাম ভাঙিয়ে তারা চালকদের ভয়ভীতি দেখিয়ে চাঁদা আদায় করে আসছিল।
টাঙ্গাইলের গোপালপুরের বাসচালক জাকির হোসেন বলেন, ঢাকা-গোপালপুর রোডে চলাচলকারী সব ধরনের বাস থেকে দীর্ঘদিন ধরে নানা অজুহাতে চাঁদাবাজি চলছে।
লকডাউনপরবর্তী সময়ে গণপরিবহনে চাঁদাবাজদের রেট বেড়ে যায়। গোপালপুর বাসস্ট্যান্ডসহ বিভিন্ন এলাকা থেকে বাড়তি চাঁদা আদায় করা হচ্ছে।
এ বিষয়ে জানতে চাইলে গোপালপুর থানার এসআই নাজমুল ইসলাম যুগান্তরকে বলেন, বিশেষ অভিযানের অংশ হিসেবে ৭ জুন বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে চাঁদাবাজ আলফাজ আলীকে গ্রেফতার করা হয়।
টাঙ্গাইলের ভূয়াপুর থানার এসআই মো. লিটন জানান, ভূয়াপুর সিএনজি স্ট্যান্ড এলাকায় গাড়িতে যাত্রী উঠিয়ে দেয়ার নামে একটি চক্র গাড়িপ্রতি ২০ টাকা করে আদায় করে আসছিল।
মঙ্গলবার সেখানে অভিযান চালিয়ে চাঁদাবাজ পিন্টু পারভেজকে গ্রেফতার করা হয়। এ সময় জহিরুল নামে অপর চাঁদাবাজ পালিয়ে যায়।
শ্রীপুর থানার এসআই আলাউদ্দিন বলেন, মাওনা চৌরাস্তা এলাকায় বাস-মিনিবাসসহ বিভিন্ন গণপরিবহন থেকে চাঁদা তুলতে একাধিক চক্র অনেকদিন ধরেই সক্রিয় ছিল। লকডাউনপরবর্তী সময়ে পুলিশের উচ্চ পর্যায়ে নির্দেশনার পরিপ্রেক্ষিতে সেখানে অভিযান চালানো হয়।
পৃথক তিনটি অভিযানে তিনজকে গ্রেফতার করা হয়।
মানিকগঞ্জ থানার পুলিশ পরিদর্শক আবদুর রউফ সরকার যুগান্তরকে বলেন, ৪ জুন পৌর এলাকার জরিনা কলেজ মোড়ে চাঁদাবাজ চক্রের মূল হোতা সুমনসহ চারজনকে হাতেনাতে গ্রেফতার করা হয়।
তাদের দেয়া তথ্যে আরেকজনকে গ্রেফতার করা হয়। পৌর উন্নয়নের নামে তারা বিভিন্ন যানবাহন থেকে ৪০ টাকা থেকে শুরু করে ২০০ টাকা পর্যন্ত তারা চাঁদা তোলে।
মাদারীপুর শিবচরের কাঁঠালবাড়ি ঘাট এলাকার জসিম উদ্দিন বলেন, ঘাটে পরিবহন এলেই দ্রুত সিরিয়াল পাইয়ে দেয়ার নামে চাঁদা আদায় করা হয়। এ বিষয়ে শিবচর থানার এসআই তারিকুল ইসলাম বলেন, চাঁদাবাজ চক্রের বিরুদ্ধে জোরালো অভিযান শুরু হয়েছে।
৬ জুন দুইজনকে গ্রেফতার করা হয়েছে। এ এলাকার চাঁদাবাজ চক্রে ৫০-৬০ জন রয়েছে। মামলার পর আরেকজনকে গ্রেফতার করা হয়।
নরসিংদীর শিবপুর মডেল থানার এসআই আলমগীর হোসেন বলেন, ৬ জুন বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে চাঁদাবাজ শাহিন ও খোকনকে গ্রেফতার করা হয়।