ঢাকা, রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সিরাজগঞ্জে দুই ট্রাকের সংঘর্ষে ২ শ্রমিক নিহত

সিরাজগঞ্জের উল্লাপাড়ার সলঙ্গা থানার পাঁচলিয়া বাজারের পশ্চিম পার্শ্বে বুধবার সকালে পাথরবোঝাই একটি ট্রাককে ইটবোঝাই একটি ট্রাক পেছন থেকে ধাক্কা দিলে দুই শ্রমিক নিহত ও দুই শ্রমিক আহত হয়েছেন।

নিহতরা হলেন- সলঙ্গা থানার রঘুনাথপুর গ্রামের ইউনুছ আলীর ছেলে ছানোয়ার হোসেন (১৯) ও একই গ্রামের দবির উদ্দিনের ছেলে কায়সার আলী (২০)।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরন্নবী প্রধান জানান, সকাল সাড়ে ৯টার দিকে মহাসড়কের সলঙ্গা থানার পাঁচলিয়া বাজার এলাকায় উত্তরবঙ্গ থেকে পাঁচলিয়াগামী মীর আকতার লিমিটেডের পাথরবোঝাই একটি ট্রাককে ইটবোঝাই একটি ট্রাক পেছন থেকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। এতে ইটবোঝাই ট্রাকের দুই শ্রমিক ঘটনাস্থলেই নিহত ও দুই শ্রমিক আহত হন।

তিনি আরও জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতদের লাশ উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনাকবলিত ট্রাক দুটি জব্দ করা হলেও চালক ও হেলপার পালিয়ে গেছে। এ ব্যাপারে সলঙ্গা থানায় মামলা হয়েছে।