ঢাকা, শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকার মাটির নিচে ছড়িয়ে আছে ১৭টি সেবা সংস্থার সংযোগ!

সেবা সংস্থার অপরিকল্পিত সংযোগ আরও অরক্ষিত হয়ে পড়ছে স্বেচ্ছাচারি খোঁড়াখুড়িতে। এতে প্রতিদিনই বাড়ছে অগ্নিকাণ্ডসহ বিভিন্ন দুর্ঘটনার ঝুঁকি। অহরহই ঘটছে বড় বড় দুর্ঘটনা। বিশ্লেষকরা বারবার সমন্বয়হীনতার কথা বললেও সেবা সংস্থাগুলো এখনও ব্যস্ত কাদা ছোঁড়াছুঁড়িতে।

এ শহরের প্রতি ইঞ্চি মাটির নিচে জালের মত ছড়িয়ে আছে ১৭টি সেবা সংস্থার অসংখ্য সংযোগ। বছরজুড়ে চলে এসব সংস্থার উন্নয়ন কাজ। এক সংস্থার উন্নয়ন কাজে ক্ষতিগ্রস্ত হয় আরেক সংস্থার সংযোগ। নষ্ট হয় সরকারি অর্থ, দুর্ঘটনার মুখে পড়ে সাধারণ জনগণ।

এমনই অব্যবস্থাপনার মধ্যে বৃহস্পতিবার (২৫ জুন) মিরপুরে গ্যাস লিকেজ থেকে আগুন লাগে। ফায়ার সার্ভিস বলছে, গ্যাসের শাট ডাউনের জন্য তিতাসের সাড়া পেতে দেরি হয়েছে। যদিও তিতাস দায় চাপাচ্ছে ওয়াসার ওপর। তারা বলছে, ওয়াসার হটকারিতায় প্রায়ই ক্ষতির মুখে পড়তে হয় তাদের।

তিতাস গ্যাস কর্তৃপক্ষ জরুরি গ্যাস নিয়ন্ত্রণ বিভাগের উপ-মহাব্যবস্থাপক জানান, আজকের এই ক্ষতির জন্যে আমরা ওয়াসার কাছে ক্ষতিপূরণ দাবি করবো।

তিতাসের ক্ষতিপূরণ চাওয়ার বিষয়ে প্রতিক্রিয়া চাইলে কোন জবাব দেননি ওয়াসা এমডি।

ফায়ার সার্ভিসের সাবেক মহাপরিচালক বলছেন, সেবা সংস্থার এমন সমন্বয়হীনতার কারণে প্রতিনিয়ত ঝুঁকির মুখে পড়ছে নগরী।

স্পর্শকাতর সংযোগের উন্নয়ন কাজে ফায়ার সার্ভিসসহ প্রতিটি সেবা সংস্থার প্রতিনিধির উপস্থিতি নিশ্চিতের সুপারিশ করেন এ সাবেক কর্মকর্তা।