ঢাকা, রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রামে ৬ ডাকাত গ্রেপ্তার: ব্যাংকের সামনে থেকে টার্গেট ঠিক করত তারা

চট্টগ্রাম নগরীতে ডাকাত চক্রের ছয় সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ বলছে, ব্যাংকের সামনে ছদ্দবেশে থেকে টার্গেট ঠিক করার পর অস্ত্রের ভয় দেখিয়ে মানুষের সর্বস্ব লুটে নিত তারা।

শনিবার বিকালে এক সংবাদ সম্মেলনে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) দক্ষিণের ডিসি মেহেদী হাসান ডাকাত চক্রকে গ্রেপ্তার ও তাদের ডাকাতির বিভিন্ন পরিকল্পনার কথা জানান।

গ্রেপ্তারকৃতরা হলেন- কুমিল্লার মো. কামাল হোসেন (৩০), পাঁচলাইশের মোক্তার হোসেন (২২), চাঁন্দগাওয়ের সাদ্দাম (২৬), ফটিকছড়ির শের আলী (৩২), আনোয়ারা উপজেলার এসএম মাসুদুর রহমান (৪০) ও সীতাকুণ্ডের মো. এরশাদ (৩৩)।

ডিসি মেহেদী হাসান বলেন, ‘ব্যাংকের সামনে ছদ্মবেশে ঘোরাঘুরি করে বিভিন্ন ব্যক্তিকে টার্গেট করে পিছু নেয় চক্রটি। এ কাজে তাদের নির্দিষ্ট একজন ব্যক্তি সোর্সের ভূমিকায় থাকে। এক পর্যায়ে টার্গেটকৃত ব্যক্তিকে অস্ত্র বা ছোরার ভয় দেখিয়ে সব কিছু লুট করে।

তিনি জানান, এ ডাকাত চক্রটিই গত ১৬ জুন কোতোয়ালি থানাধীন জামিয়াতুল ফালাহ পশ্চিম গেইটে ফারুক আহাম্মদ নামের এক ব্যক্তির কাছ থেকে জোরপূর্বক ৫ লাখ টাকা ও কিছু গুরুত্বপূর্ণ কাগজপত্র ছিনিয়ে নেয়। মূলত এ ঘটনায় দায়ের করা মামলার তদন্তে নেমে চক্রটির সন্ধান পাওয়া যায় এবং তদন্তের এক পর্যায়ে সাঁড়াশি অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

এসময় তাদের কাছ থেকে দেশিয় তৈরি এলজি, ২ রাউন্ড কার্তুজ, ৩টি টিপ ছোরা, দুটি মোটরসাইকেল ও নগদ ৫০ হাজার টাকা উদ্ধারের কথা জানায় পুলিশ।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসিন বলেন, গ্রেপ্তার ডাকাত দলটি ফিল্মি স্টাইলে নগরীতে ডাকাতি করেন। ভুক্তভোগী একজনের দায়ের করা মামলার তদন্তে চক্রটির সন্ধান মিলে।

গ্রেপ্তার ছয় ডাকাত সদস্যকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে বলে জানান তিনি।