গাজীপুরের কালীগঞ্জের রেড জোন ঘোষিত এলাকায় করোনা উপসর্গ নিয়ে সোমবার রাতে এক ব্যক্তি মারা গেছেন।
তিনি সোনালী ব্যাংক কালিগঞ্জ শাখার বার্তা বাহক হিসেবে কর্মরত ছিলেন। গত কয়েকদিন যাবৎ জ্বর, ঠান্ডা, শ্বাসকষ্টজনিত রোগে ভুগছিলেন তিনি।
কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. সাদেকুর রহমান আকন্দ তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, করোনাভাইরাস প্রতিরোধে রেড জোন চিহ্নিত কালিগঞ্জ পৌরসভার ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডে চলছে লকডাউন।
এদিকে কোভিড-১৯ এর হটস্পট গাজীপুরে নতুন করে আরও ৫৪ জনের শরীরে এই ভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে। এ নিয়ে জেলায় মোট শনাক্তের সংখ্যা ৩ হাজার ৪৭২ জন। আর করোনা আক্রান্ত হয়ে জেলায় এ পর্যন্ত মৃত্যু হয়েছে ৩৯ জনের এবং সুস্থ হয়েছেন ৮২৬ জন। মাত্র ২৩ হাজার ৪৭২ জনের নমুনা সংগ্রহ করে এই তথ্য পাওয়া গেছে।
সোমবার সর্বশেষ পাওয়া রিপোর্ট অনুযায়ী এ তথ্য জানিয়েছেন গাজীপুরের সিভিল সার্জন মো. খায়রুজ্জামান।
গাজীপুরে সিটি করপোরেশন ও সদর উপজেলা এলাকায় কোভিড-১৯ শনাক্তের সংখ্যা এখনও সর্বাধিক। গাজীপুর সিটি করপোরেশন ও সদর উপজেলা এলাকায় এই পর্যন্ত কোভিড-১৯ শনাক্ত হয়েছে ২ হাজার ৬১ জন, কালিয়াকৈর উপজেলায় ৪০৭ জন, শ্রীপুর উপজেলায় ৪০০ জন, কালীগঞ্জে ৩০৭ জন এবং কাপাসিয়ায় ২২৩ জন।