ঢাকা, রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

রৌমারীতে করোনা উপসর্গ নিয়ে নারী গার্মেন্টসকর্মীর মৃত্যু

কুড়িগ্রামের রৌমারীতে করোনার উপসর্গ নিয়ে এক নারীর মৃত্যু হয়েছে।

মৃত সাবিনা (২৫) উপজেলার চর শৌমারী ইউনিয়নের আব্দুর রশিদের কন্যা। তিনি গাজীপুরে গার্মেন্টসে কাজ করতেন।

রৌমারী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোমেনুল ইসলাম জানান, সাবিনা গত ২ সপ্তাহ আগে সর্দি, জ্বর নিয়ে বাবার বাড়িতে চলে আসেন। সর্দি, জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে বুধবার দুপুরে তার মৃত্যু হয়।

মৃতের নমুনা সংগ্রহ করা হয়েছে এবং এ নমুনা পরীক্ষার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে।

করোনা রোগীদের নিয়ম মেনে তার দাফন কার্য সম্পন্ন করা হয়েছে এবং উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মৃতের বাড়ির আশপাশের ১৫টির বাড়ির লোকজনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে, যোগ করেন তিনি।