ঢাকা, রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ঝালকাঠিতে করোনার উপসর্গে মুক্তিযোদ্ধা ও পুলিশ সদস্যের মৃত্যু

ঝালকাঠিতে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসের উপসর্গ নিয়ে মুক্তিযোদ্ধা ও পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।

তারা হলেন- সদর উপজেলার গাভারামচন্দ্রপুর ইউনিয়নের বাসিন্দা মুক্তিযোদ্ধা আব্দুর রব (৭০) এবং রাজাপুর থানার পুলিশ কনস্টেবল ফিরোজ সিকদার (৫৬)। তিনি পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার রাজপাশা গ্রামের মৃত আবদুর রশীদের ছেলে।

জানা গেছে, মুক্তিযোদ্ধা আব্দুর রব জ্বর, সর্দি ও কাশিতে আক্রান্ত থাকার পর শুক্রবার সকালে নিজ বাড়িতে তার মৃত্যু হয়। বিকালে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

অন্যদিকে, পুলিশ কনস্টেবল ফিরোজ সিকদার গত ১০ দিন ধরে জ্বর, বুকে ব্যাথা ও শ্বাসকষ্টে ভুগছিলেন। প্রথমে তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে শুক্রবার ঢাকা নেয়ার পথে তার মৃত্যু হয়।