ঢাকা, রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

নওগাঁর করোনা উপসর্গ নিয়ে ইউপি চেয়ারম্যান ও মুক্তিযোদ্ধার মৃত্যু

নওগাঁর মান্দা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মান্দা উপজেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা স ম জসিম উদ্দিন করোনা উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

সোমবার সকাল ৮টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান।

মান্দা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুহাম্মদ মশিউর রহমান বলেন, জ্বর, সর্দি ও শ্বাসকষ্ট নিয়ে গত বৃহস্পতিবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তাকে নিয়ে আসা হয়। আমরা করোনাভাইরাস পরীক্ষা করার জন্য পরামর্শ দিয়েছিলাম। পরের আবার অসুস্থ হয়ে পড়লে তাকে শনিবার সকাল ৭টার দিকে আবারও স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। এসময় তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে এবং করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়।

এরপর অবস্থা গুরুতর হওয়ায় অক্সিজেন দিয়ে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে করোনা ইউনিটে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি সোমবার সকালে মারা যান। তবে তার করোনা রিপোর্ট এখনো পাওয়া যায়নি, বলেন তিনি।

মান্দা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আব্দুল হালিম করোনা উপগর্স নিয়ে উপজেলা পরিষদ চেয়ারম্যান স. ম জসিম উদ্দিন মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছন।

উল্লেখ্য, গত ৫ জুন মুক্তিযোদ্ধা স ম জসিম উদ্দিনের দ্বিতীয় ছেলে এসএম সামসুজ্জোহা মন্টু (৩৩) হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান।

মৃত্যুকালে স ম জসিম উদ্দিন দুই স্ত্রী, তিন ছেলে ও ৪ মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

এদিকে, গত ২৪ ঘণ্টায় সাংবাদিক, নার্স ও মেডিকেল ল্যাব টেকনোলজিস্টসহ নতুন করে আরও ২৪ জনের শরীরে করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় কোভিড রোগীর সংখ্যা দাঁড়াল ৫৮৪।

সোমবার সকালে নওগাঁর সিভিল সার্জন আকন্দ মো. আখতারুজ্জামান এ তথ্য নিশ্চিত করেন।

সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায়, গত রবিবার রাত ৯টার দিকে ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব ল্যাবরেটরি অ্যান্ড মেডিসিন রিসার্চ সেন্টার ল্যাব থেকে নওগাঁয় ২০১টি নমুনার পরীক্ষার ফলাফল ই-মেইলে আসে। এর মধ্যে ২৬ জন করোনা ‘পজিটিভ’ আসে। এর মধ্যে দুজন আগে আক্রান্ত কোভিড-১৯ রোগীর দ্বিতীয় দফা নমুনা পরীক্ষায় করোনা পজিটিভ এসেছে।