ঢাকা, রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেটে চিকিৎসক, পুলিশসহ ৬৬ জনের করোনা শনাক্ত

সিলেটে নতুন করে আরও ৬৬ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ৫২ জন ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে ১৪ জনের করোনা শনাক্ত হয়।

ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক হিমাংশু লাল রায় জানান, সোমবার কলেজের ল্যাবে ১৮৮ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে চিকিৎসক এবং পুলিশসহ ৫২ জনের শরীরে করোনা শনাক্ত হয়।

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক হাম্মাদুল হক জানান, তাদের ল্যাবে ১৭৯ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে সুনামগঞ্জ জেলার ১৪ জন আর সিলেটের ১৪ জনের করোনা শনাক্ত হয়।

এ নিয়ে সিলেট বিভাগে আক্রান্ত হয়েছেন ৫ হাজার ৩২৮ জন। এর মধ্যে সিলেটের ২৮৬৯, সুনামগঞ্জের ১০৯২, হবিগঞ্জের ৮০৪ ও মৌলভীবাজার জেলার ৫৫৭ জন রয়েছেন।

চার জেলায় হাসপাতালে ভর্তি আছেন ২৩৬ জন। এ পর্যন্ত এ বিভাগে মারা গেছেন ৯০ জন। এছাড়া সুস্থ হয়েছেন ১৮০২ জন।