ঢাকা, রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

অধস্তন আদালতের ২১১ জন করোনা আক্রান্ত

অধস্তন আদালতের মোট ২১১ জন বিচারক ও কর্মচারী করোনাভাইরাসজনিত রোগ কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ৪৪ জন বিচারক এবং ১৬৭ জন কর্মচারী রয়েছেন।

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের অধীন আইন ও বিচার বিভাগ কর্তৃক পরিচালিত করোনা মনিটরিং ডেস্কের সোমবার রাত পৌনে ১০টা পর্যন্ত পাওয়া তথ্যে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

মঙ্গলবার আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আক্রান্ত বিচারকদের মধ্যে সুস্থ হয়েছেন ২০ জন, লালমনিরহাটের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক ফেরদৌস আহমেদ মৃত্যুবরণ করেছেন, মাগুরার জেলা ও দায়রা জজ মো. কামরুল হাসান হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন এবং অন্যরা বাসায় চিকিৎসা নিচ্ছেন। আক্রান্ত কর্মচারীদের মধ্যে মৃত্যুবরণ করেছেন দুজন।

এতে আরও বলা হয়, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক মনিটরিং ডেস্কের রিপোর্ট প্রতিদিন পর্যবেক্ষণ করছেন এবং আক্রান্তদের খোঁজ-খবর রাখছেন। আইন ও বিচার বিভাগের সচিব মো. গোলাম সারওয়ার প্রতিদিনের রিপোর্ট রাত ১০টার মধ্যে আইনমন্ত্রীকে অবহিত করছেন এবং মন্ত্রীর পরামর্শ অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করছেন।