ঢাকা, রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

কিশোরগঞ্জে আরও ১৪ জনের করোনা শনাক্ত, মোট ১৬৬০

কিশোরগঞ্জে সর্বশেষ ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১৪ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এনিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১ হাজার ৬৬০ জনে।

জেলার সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান জানান, দুটি ল্যাবে মোট ১৭১ জনের নমুনা পরীক্ষা করে নতুন করে ১৪ জনের করোনা পজেটিভ ও ১৫৫ জনের নেগেটিভ এসেছে।

এছাড়া পুরাতন পজেটিভ একজনের আবারও পজেটিভ এবং অন্য জেলার একজনের পজেটিভ এসেছে। এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১ হাজার ৩১৫ জন ও মোট মৃত্যু হয়েছে ২৯ জনের।

জেলায় নতুন শনাক্তদের মধ্যে কিশোরগঞ্জ সদর উপজেলায় সর্বোচ্চ চারজন, করিমগঞ্জে একজন, পাকুন্দিয়া, বাজিতপুর ও কুলিয়ারচর উপজেলায় দুজন করে এবং কটিয়াদী উপজেলার তিনজন রয়েছেন।

বর্তমানে জেলায় মোট ৩১৭ জন করোনা রোগী এবং ১৪ জন নেগেটিভ রোগী বিভিন্ন হাসপাতাল ও নিজ বাড়িতে আইসোলেশনে রয়েছেন। এর মধ্যে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউতে তিনজন কোভিড-১৯ পজেটিভ রোগী ভর্তি রয়েছেন।