কুড়িগ্রাম জেলার ফুলবাড়ীতে প্রথমবারের মতো করোনাভাইরাস আক্রান্ত হয়ে পুর্নিমা রানী (৮০) নামে এক নারীর মৃত্যু হয়েছে।
এ নিয়ে জেলায় করোনা আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল পাঁচজনে। এছাড়া এখন জেলায় মোট শনাক্ত রোগীর সংখ্যা ২৪১ জন।
ফুলবাড়ী হাসপাতালের পরিসংখ্যানবিদ সিরাজুল ইসলাম জানান, মারা যাওয়া ওই নারীর শরীরে গত ৩০ জুন করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়। এরপর তার পরিবারের আরও পাঁচজনের করোনা শনাক্ত হয়। বাড়িতে আইসোলেশনে ছিলেন ওই নারী। কিন্তু বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে তিনি মারা যান। করোনা ছাড়াও তিনি ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ রোগে ভুগছিলেন।
সিভিল সার্জন ডা. হাবিবুর রহমান জানান, মারা যাওয়া ওই নারী উপজেলার বড়ভিটা ইউনিয়নের উত্তর বড়ভিটা গ্রামের বীরেন্দ্র নাথ সরকারের স্ত্রী এবং ফুলবাড়ী হাসপাতালের স্বাস্থ্য সহকারী বিশ্বনাথ সরকারের মা। স্বাস্থ্য সহকারী বিশ্বনাথ সরকার প্রথম করোনায় আক্রান্ত হন। পরে তার পরিবারের অন্য সদস্যদের শরীরেও করোনাভাইরাস সংক্রমিত হয়।
এ বিষয়ে ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজীব কুমার রায় বলেন, দ্রুততম সময়ে স্বাস্থ্যবিধি মেনে ওই নারীর লাশ সৎকার করা হয়েছে।