ঢাকা, রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

হবিগঞ্জের হাওড়ে ছাত্রলীগ নেতার ভাসমান লাশ উদ্ধার

জেলার বানিয়াচংয়ের হাওড় থেকে রবিবার সকালে এক ছাত্রলীগ নেতার ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ।

নিহত আব্দুর রউফ (২৫) থানার বাগহাতা গ্রামের প্রবাসী আব্দুর রহমানের ছেলে এবং উপজেলার কাগাপাশা ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি।

বানিয়াচঙ্গ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরান হোসেন জানান, শনিবার বিকেলে রউফ বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি। রবিবার সকালে তার লাশ হাওড়ে ভাসতে দেখে পুলিশকে খবর দেয়া হয়। পুলিশ তার মৃতদেহ উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের মর্গে পাঠায়।

‘মৃতদেহে কোনো জখমের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে,’ যোগ করেন ওসি।