করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরেক পুলিশ সদস্য রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার ভোরে মৃত্যুবরণ করেছেন।
মৃত কনস্টেবল মো. সিরাজুল ইসলাম ময়মনসিংহের ত্রিশাল থানার চর্ক পাঁচপাড়া গ্রামের বাসিন্দা। তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উত্তরা বিভাগে কর্মরত ছিলেন।
পুলিশ সদরদপ্তরের অতিরিক্ত মহাপরিদর্শক (এআইজি, মিডিয়া) মো. সোহেল রানা বলেন, ‘কনস্টেবল সিরাজুল ভোর ৪টা ৩৮ মিনিটে শেষ নিশ্বাস ত্যাগ করেন।’
তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।
তার মরদেহ গ্রামের বাড়িতে পাঠানো হয়েছে।
দেশে এখন পর্যন্ত মোট ৫২ পুলিশ সদস্য করোনাভাইরাসে মৃত্যুবরণ করলেন।