ঢাকা, রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
‘ইন্টারনেট খরচ নয়, এটা শিক্ষার্থীদের জন্য বিনিয়োগ’

শিক্ষার্থীদের জন্য এখন ডিজিটাল ডিভাইস, ইন্টারনেট অপরিহার্য: মন্ত্রী

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, পরিবর্তিত পরিস্থিতিতে ডিজিটাল ডিভাইস ও ইন্টারনেট ছাত্র-ছাত্রীদের জন্য অপরিহার্য।

ডিজিটাল অবকাঠামোর বিদ্যমান সুযোগ কাজে লাগিয়ে মেধাভিত্তিক উদ্যোক্তা উন্নয়নের সম্ভাবনা কাজে লাগাতে তরুণ শিক্ষার্থীদেরকে প্রস্তুত হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘ইন্টারনেট খরচ নয়, এটা শিক্ষার্থীদের জন্য বিনিয়োগ।’

শনিবার রাতে ডিজিটাল প্লাটফর্মে ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ আয়োজিত স্টার্টআপ অপরচুনিটিস ইন আইসিটি এন্ড টেলিকমিউনিকেশন্স শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, ‘অতীতের তিনটি শিল্প বিপ্লবে পিছিয়ে থাকা কৃষিভিত্তিক একটি দেশ ডিজিটাল করা বড় চ্যালেঞ্জ ছিলো। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদৃষ্টিসম্পন্ন প্রজ্ঞাবান নেতৃত্বে বাংলাদেশ প্রযুক্তিতে শত শত বছরের পশ্চাৎপদতা অতিক্রম করে ডিজিটাল শিল্প বিপ্লবের নেতৃত্বের জায়গায় উপনীত হয়েছে।’

বাংলাদেশের তরুণরা অত্যন্ত মেধাবী উল্লেখ করে মোস্তাফা জব্বার বলেন, ‘করোনায় পৃথিবীতে যে পরিবর্তন এসেছে করোনার পরেও বিশ্ব আগের জায়গায় ফিরে যাবে না। আমাদের সম্ভাবনাময় প্রতিভাকে কাজে লাগাতে হবে ডিজিটাল প্রযুক্তির বিকাশে।’

তিনি জানান, ডেমোগ্রাফিকস ডিভিডেন্টের দিক থেকে বাংলাদেশ সুবিধাজনক অবস্থানে রয়েছে এবং ২০৩১ সাল পর্যন্ত মোট জনসংখ্যার শতকরা ৬৫ ভাগ তরুণ জনগোষ্ঠী দেশের বড় শক্তি।

অনুষ্ঠানে ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ- এর ট্রাস্টি বোর্ডের সদস্য কাজী নাবিল আহমেদ বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন এবং অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন নারী উদ্যোক্তা রুবাবা দৌলা।