ঢাকা, রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

চাঁদপুরে করোনায় এক মাসে একই পরিবারের ৩ জনের মৃত্যু

চাঁদপুরের হাজীগঞ্জে একমাসের মধ্যে একই পরিবারের বাবা, ছেলে ও মেয়ের মৃত্যু হয়েছে।

তারা সবাই হাজীগঞ্জ পৌর এলাকার মকিমাবাদের (৬নং ওয়ার্ডের) সর্দার বাড়ির এক পরিবারের সদস্য।

স্থানীয় কাউন্সিলর হাবিবুর রহমান জানান, মারা যাওয়া ব্যক্তিরা হলেন পরিবারের গৃহকর্তা আবুল কাসেম লেদু মিয়া (৭০), তার ছেলে পৌর যুবদলের আহ্বায়ক আবদুল আউয়াল সর্দার (৪৫) ও আবুল কাসেমের মেয়ে কামরুন্নাহার (৫০)।

এ তথ্য নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ অফিসার ডা. শোয়েব আহমেদ চিশতি।

জানা যায়, গত ৫ জুন সকালে আব্দুল আউয়াল করোনা উপসর্গ নিয়ে নিজ বাড়িতে মারা যান। মৃত্যুর দুদিন আগে তিনি করোনা পরীক্ষার জন্য নমুনা জমা দেন। আর মৃত্যুর দুই দিন পরে উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে আউয়ালের করোনা রিপোর্ট পজিটিভ আসে।

এরপর গত ১২ জুন সকালে করোনা উপসর্গ নিয়ে মারা যান আউয়ালের বাবা আবুল কাশেম। পরে তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার পর তার রিপোর্টও পজিটিভ আসে।

সর্বশেষ গত ১৪ জুলাই করোনা উপসর্গ নিয়ে মৃত্যু হয় আবুল কাসেমের বড় মেয়ে কামরুননাহারের। জ্বর ও শ্বাসকষ্ট দেখা দিলে স্থানীয় একটি হাসপাতালে নেয়া হলে দায়িত্বরত চিকিৎসক কামরুননাহারকে মৃত ঘোষণা করেন। নমুনা সংগ্রহের পরে ১৮ জুলাই তার করোনা রিপোর্টও পজিটিভ আসে।

এদিকে, এক মাসের মধ্যে একই পরিবারের তিনজন মারা যাওয়ায় তাদের আত্মীয়-স্বজন ছাড়াও পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শোয়েব আহমেদ চিশতী জানান, গত ১৮ জুলাই পর্যন্ত হাজীগঞ্জে করোনায় আক্রান্ত হয়েছেন ১৪১ জন এবং মৃত্যুবরণ করেছেন ১৭ জন।