করোনা মোকাবিলায় সরকার ও স্বাস্থ্য বিভাগের নির্দেশনা মাঠপর্যায়ে বাস্তবায়ন করে যাচ্ছে মাঠপ্রশাসনের গুরুত্বপূর্ণ প্রশাসনিক প্রতিষ্ঠান ‘জেলা প্রশাসন’। যার নেতৃত্বে রয়েছেন জেলা প্রশাসক। করোনা সংকটের শুরু থেকেই তৎপর দেশের সকল জেলা প্রশাসক। ত্রাণ সহায়তা থেকে শুরু করে সার্বিক কার্যক্রমে স্থানীয় জনপ্রতিনিধিসহ সর্বসাধারণের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে করোনা মোকাবিলায় কাজ করে যাচ্ছেন তারা। ঈদুল আজহা আসন্ন। ঈদকে কেন্দ্র করে পশুর হাট, হাটকে কেন্দ্র করে জালটাকা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির নিয়ন্ত্রণসহ স্বাস্থ্যবিধি মেনে, সামাজিক দুরত্ব বজায় রেখে হাট পরিচালনার লক্ষ্যে দিনরাত কাজ করে যাচ্ছেন তারা। সেসব কার্যক্রম কীভাবে পরিচালনা করছেন, সে বিষয়ে জানতে চেয়ে সম্প্রতি দেশের সকল জেলা প্রশাসকের সঙ্গে কথা বলেছে আমার সংবাদ। তাদের বক্তব্যের ভিত্তিতে বশির হোসেন খানকে নিয়ে প্রতিবেদনটি তৈরি করেছেন নুর মোহাম্মদ মিঠু
আবুল ফজল মীর, জেলা প্রশাসক (কুমিল্লা) : করোনা ভাইরাসে যেখানে বিপর্যস্ত গোটা বিশ্ব, সেখানে বাংলাদেশও তার ব্যতিক্রম নয়। প্রতিদিনই একটা নির্দিষ্ট হারে মারা যাচ্ছে মানুষ। গত ঈদুল ফিতরের ছুটিতে কিছুটা অবাধ চলাচলের কারণে এ ভাইরাসের সংক্রমণ অনেকটাই বেড়ে যায়। শুরু থেকেই এ ভাইরাস মোকাবিলা করে কুমিল্লাবাসীকে নিরাপদে রাখার চেষ্টা করে যাচ্ছে কুমিল্লা জেলা প্রশাসন। যার নেতৃত্বে রয়েছেন জেলা প্রশাসক আবুল ফজল মীর। চলমান করোনা সংকটের এই চ্যালেঞ্জের মধ্যেই আসন্ন ঈদুল আজহায় পশুরহাট এবং জনসমাগম নিয়ন্ত্রণের আরও একটি চ্যালেঞ্জ কুমিল্লা জেলা প্রশসান তথা গোটা বাংলাদেশের সামনে আসছে। এ সংকট মোকাবিলায় গৃহীত পদক্ষেপের বিষয়ে জানতে চাইলে জেলা প্রশাসক আবুল ফজল মীর বলেন, আমাদের পদক্ষেপ হলো- আমরা অনলাইন গরুরহাট করেছি। সেখানে আমরা যেসব গরু বিক্রি হবে খামার থেকে সেগুলোর ছবি, বিবরণ, সম্ভাব্য মূল্য নির্ধারণসহ তালিকা করেছি। দু-একদিনের মধ্যেই আমাদের অ্যাপসটি চালু হবে। অ্যাপসের মাধ্যমেই সবাই গরু কিনতে পারবে। আমরা সবাইকে অনরোধ করবো অনলাইনে গরু কেনার জন্য। তারপর কিছু কিছু ক্ষেত্রে স্বাস্থ্যবিধি মেনে গরু বাজার-হাটে নেয়া হবে, সেক্ষেত্রে ‘নো মাস্ক-নো এন্ট্রি’ আমরা বলেছি। মাস্ক ছাড়া কেউ বাজারে প্রবেশ করতে পারবে না এবং বাজার কমিটিকে হাত ধোয়ার ব্যবস্থা করতে হবে, পাশাপাশি বাজারগুলোতে গরু বাঁধার ক্ষেত্রে একটা নির্দিষ্ট দূরত্ব বজায় রাখতে হবে, সামাজিক দূরত্ব নিশ্চিত করেই গরু বেচাকেনা করতে হবে। বাজারের আয়তনের হিসেবে গরু উঠাতে হবে বাজারে, যাতে বেশি গরু না উঠে। এসব বিষয়গুলো আমরা নিশ্চিত করার লক্ষে কুমিল্লা জেলা প্রশাসন কাজ করছি।
মো. ওয়াহিদুজ্জামান, জেলা প্রশাসক (ফেনী) : একই বিষয়ে ফেনীর জেলা প্রশাসক ওয়াহিদুজ্জামানের সঙ্গে কথা হয় আমার সংবাদের। তিনি বলেন, আমরা এ বিষয়ে একাধিকবার মিটিং করেছি। গতকালও একটি মিটিং করেছি। করোনা সংকটে আমরা ইতোমধ্যে যে কার্যক্রমগুলো গ্রহণ করেছি, সেগুলো যাতে অব্যাহত রাখা যায়, বিশেষ করে স্বাস্থ্যবিধি এবং হাসপাতালগুলোতে যাতে সঠিকভাবে চিকিৎসা দেয়, অক্সিজেন সরবরাহ যাতে ঠিকমতো থাকে আর অন্যান্য সমস্যাগুলোও যাতে সমাধান হয়। আর একটি বিষয় হলো- নমুনা সংগ্রহ ও পরীক্ষার বিষয়টি ঠিক রাখা, জনবল ঠিক রাখা, ডাক্তার ঠিক রাখার বিষয়ে আমরা মিটিং করেছি। সচিব মহোদয় এবং সরকার থেকে একটি নির্দেশনা পেয়েছি আমরা। আমরা কিভাবে এটা মোকাবিলা করবো, ঈদে অনেক লোক আসবে, তারা এদিক-ওদিক যাবে এবং গরুর হাটেও যাতে সংক্রমণ ছড়াতে না পারে সে বিষয়ে আমরা মিটিং করেছি। হাটগুলো যত নিয়ন্ত্রণে রাখা যায়, বিশেষ করে যেসব লোকজনের কাজ নেই তারা যেন হাটে না আসতে পারে। প্রতিটি স্থানে হ্যান্ড স্যানিটাইজার অথবা সবাই যেন মাস্ক ব্যবহার করে সেটা নিশ্চিত করা।