ঢাকা, রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

নওগাঁয় ই-পাসপোট সেবা চালু

নওগাঁ আঞ্চলিক পাসপোর্ট অফিস থেকে ই-পাসপোর্ট সেবা পাবেন জেলার নাগরিকরা।

বুধবার বেলা ১২টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে নওগাঁ জেলায় ই-পাসপোর্ট কার্যক্রমের উদ্বোধন করেন ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল সাকিল আহমেদ।

এসময় ভিডিও কনফারেন্সের মাধ্যমে নওগাঁ ছাড়াও জয়পুরহাট, পটুয়াখালী ও বরিশাল আঞ্চলিক পাসপোর্ট অফিসে ই-পাসপোর্ট সেবা কার্যক্রমের উদ্বোধন করা হয়।

নওগাঁ আঞ্চলিক পাসপোর্ট অফিসের উপ-সহকারী পরিচালক মো. শওকত কামাল জানান, নওগাঁ, জয়পুরহাট, পটুয়াখালী ও বরিশালসহ দেশের মোট ৩৪টি জেলায় ই-পাসপোর্ট সেবা কার্যক্রম বুধবার থেকে শুরু হলো।’

তিনি বলেন, জেলায় প্রথম ব্যক্তি হিসেবে বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভির স্টাফ করেসপনডেন্ট আসাদুর রহমান জয়ের ছবি তুলে ও বায়োমেট্রিক ছাপ নিয়ে নওগাঁ আঞ্চলিক পাসপোর্ট অফিসের কার্যক্রমের উদ্বোধন করা হয়।

এর মধ্যে দিয়ে নওগাঁ জেলায় মেশিন রিডেবল পাসপোটের পরিবর্তে ই-পাসপোর্ট সেবা কার্যক্রমের শুরু হলো। এখন থেকে নওগাঁ জেলার সকল বাসিন্দা নওগাঁ আঞ্চলিক পাসপোর্ট অফিস থেকেই ই-পাসপোট সেবা পাবেন বলে পাসপোর্ট অফিস সূত্রে জানানো হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানের ভিডিও কনফারেন্সে নওগাঁ আঞ্চলিক পাসপোর্ট অফিসের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরাও উপস্থিত ছিলেন।