ঢাকা, রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মাদারীপুর জেলা পরিষদের চেয়ারম্যান মিয়াজ উদ্দিন আর নেই

মাদারীপুর জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মিয়াজ উদ্দিন খান মারা গেছেন। তার বয়স হয়েছিল ৭৫ বছর।

ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) বার্ধক্যজনিত কারণে বৃহস্পতিবার রাতে মারা যান তিনি।

মাদারীপুর জেলা পরিষদের প্যানেল সদস্য আবুল মান্নান লস্কর জানান, রাত ১২টা ৩৫ মিনিটে সিএমএইচে মুক্তিযোদ্ধা মিয়াজ উদ্দিন শেষ নিশ্বাস ত্যাগ করেন।

তিনি স্ত্রী, দুই ছেলেসহ অসংখ্য আত্মীয়স্বজন রেখে গেছেন।

মিয়াজ উদ্দিন প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব শাখাওয়াত মুনের বাবা।

বীর মুক্তিযোদ্ধা মিয়াজ উদ্দিনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এক শোক বার্তায় প্রধানমন্ত্রী মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

এছাড়া স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলামও মুক্তিযোদ্ধা মিয়াজ উদ্দিনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।

শোক বার্তায় তাজুল ইসলাম বলেন , ‘দুইবারের জেলা পরিষদ চেয়ারম্যান, বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক মিয়াজ উদ্দিন খানের মহান মুক্তিযুদ্ধে গৌরব উজ্জ্বল ভূমিকা এবং মাদারীপুরের উন্নয়নে রাখা অবদান চির স্মরণীয় হয়ে থাকবে।’

তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।