ঢাকা, রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

কুষ্টিয়ার প্রবীণ সাংবাদিক ওয়ালিউল বারী চৌধুরী মারা গেছেন

কুষ্টিয়া থেকে প্রকাশিত সাপ্তাহিক ইস্পাত পত্রিকার সম্পাদক প্রবীণ সাংবাদিক ওয়ালিউল বারী চৌধুরী মারা গেছেন।

শনিবার সন্ধ্যা সাড়ে ৬টায় মজমপুরস্থ নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৪ বছর৷

বর্ষীয়ান এ সাংবাদিক দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা অসুখে ভূগছিলেন।মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ পুত্র এবং এক কন্যা সন্তান রেখে গেছেন।

তার মৃত্যুতে কুষ্টিয়া প্রেসক্লাব সভাপতি গাজী মাহাবুব রহমান ও সাধারণ সম্পাদক আানিসুজ্জামান ডাবলু গভীর শোক প্রকাশ করেন।

আশি ও নব্বই দশকে তার সম্পাদনায় প্রকাশিত ইস্পাত পত্রিকা কুষ্টিয়ার সবচেয়ে প্রভাবশালী সাপ্তাহিক হিসেবে পরিচিতি লাভ করে। দীর্ঘ সাংবাদিকতার জীবনে তিনি ওই অঞ্চলের মানুষের কাছে এক পরিচিত নাম হয়ে ওঠেন।

মরহুম ওয়ালিউল বারী চৌধুরীর সম্পাদনায় ১৯৭১ সালের ১৫ এপ্রিল নদীয়া জেলার রানাঘাট থেকে ‘স্বাধীন বাংলা’ নামে মুক্তিযুদ্ধকালীন প্রথম পাক্ষিক পত্রিকা প্রকাশিত হয়।

এর আগে ১৯৬৪ সালের দিকে তিনি ‘সাপ্তাহিক মশাল’ নামে আরেকটি মাসিক পত্রিকার প্রকাশক ও সম্পাদক ছিলেন। স্বাধীনতা উত্তর ‘পাক্ষিক সমীক্ষা’ পত্রিকার প্রকাশক ছিলেন৷ ‘ইস্পাত’ বাদে ১৯৭৫ সালে দেশের সকল পত্রিকার সাথে এগুলো বন্ধ হয়ে যায়। তবে সেসময় ‘মাসিক ইস্পাত’ পত্রিকা চালু থাকে। যা খুলনা বিভাগের মধ্যে একমাত্র পত্রিকা ছিল। ১৯৭৫ সালের ১৭ নভেম্বর ‘ইস্পাত’ পত্রিকা মাসিক থেকে সাপ্তাহিকে রুপান্তরিত হয়ে প্রকাশ হতে থাকে।

সাংবাদিকতার পাশাপাশি তিনি মৃত্যুর আগ পর্যন্ত বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সাথে জড়িত ছিলেন৷

মরহুমের পরিবারের পক্ষ থেকে সকলের কাছে তার বিদেহী আত্মার শান্তি কামনা করে দোয়া চেয়েছেন।