ঢাকা, রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শাহেদের জাল টাকার মামলাটি র‍্যাবে হস্তান্তর

রিজেন্ট গ্রুপ ও হাসপাতালের চেয়ারম্যান শাহেদ করিমের অফিস থেকে উদ্ধার হওয়া জাল টাকার মামলাটি র‍্যাবে হস্তান্তর করা হয়েছে। রবিবার (২৬ জুলাই) স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে মামলাটি তদন্তে র‍্যাবকে দায়িত্ব দেয়া হয়।

দুপুরে ব্রেকিংনিউজকে এ তথ্য জানান র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লে. কর্নেল আশিক বিল্লাহ।

তিনি বলেন, শাহেদকে করিমকে গ্রেফতারের পর ওইদিন উত্তরায় তার আরেকটি অফিসে অভিযান চালানো হয়। সেখানে তল্লাশী করে একলাখ ৪৬ হাজার টাকা সমমূল্যের জাল টাকা উদ্ধার করা হয়। এই ঘটনায় র‍্যাব বাদি হয়ে উত্তরা পশ্চিম থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা করে। সেই মামলাটি তদন্তের জন্য পুলিশ সদরদপ্তরের মাধ্যমে স্বরাষ্ট্র মন্ত্রনালয়ে একটি আবেদন করা হয়। আজ মন্ত্রনালয় মামলাটি তদন্তে র‍্যাবকে অনুমতি দিয়েছে।

গত ৬ জুলাই রাজধানীর উত্তরায় রিজেন্ট হাসপাতালে অভিযান চালায় র‌্যাব। করোনার এই দুর্যোগকালীন সময়ে নমুনা সংগ্রহ করা হলেও টেস্ট না করে ফলাফল দেওয়া, হাসপাতাল পরিচালনার সনদের মেয়াদ না থাকা বিভিন্ন অনিয়মের অভিযোগ পাওয়া যায়।

পরের দিন হাসপাতালটির উত্তরা ও মিরপুরের দুটি শাখা সিলগালা এবং সাহেদসহ ১৭ জনের বিরুদ্ধে মামলা করে র‌্যাব। সেই মামলায় এখন পর্যন্ত শাহেদ করিমসহ ১১ জনকে গ্রেফতার করা হয়েছে।