ঢাকা, রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আত্মসমর্পণ করা দস্যুদের মাঝে র‌্যাবের ঈদ উপহার

খুলনা শহরের রূপসা ব্রীজ সংলগ্ন সালাউদ্দিন ইউসুফ সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠে র‌্যাব মহাপরিচালকের (ডিজি) পক্ষ থেকে আত্মসমর্পণকারী জলদস্যুদেরকে ঈদুল আজহা উপলক্ষে উপহার দেয়া হয়েছে।

রবিবার (২৬ জুলাই) র‌্যাব-৬ অধিনায়ক লে. কর্ণেল রওশনুল ফিরোজ উপহার সামগ্রী ও নগদ টাকা হস্তান্তর করেন।

এসময়ে তিনি আত্মসমর্পনকৃত জলদস্যুদের উদ্দেশ্যে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৮ সালের ১ নভেম্বর সুন্দরবনকে জলদস্যু মুক্ত ঘোষণা করেন। এখন শান্তির সু-বাতাস বইছে সুন্দরবনে। অপহরণ-হত্যা এখন তিরোহিত। অপরদিকে, আত্মসমর্পণকারী জলদস্যুরা পুনর্বাসিত হয়ে স্বাভাবিক জীবনযাপন করছেন। সরকারের পক্ষ থেকে আত্মসমর্পণকারী সকল জলদস্যু/বনদস্যুদের বিরুদ্ধে দায়েরকৃত চাঞ্চল্যকর ও গুরুতর অপরাধের (হত্যা ও ধর্ষণ) মামলা ছাড়া অন্যান্য মামলা সহানুভূতি সহকারে বিবেচনার বিষয়টি চলমান রয়েছে।

অধিনায়ক আত্মসমর্পনকৃত জলদস্যুদের সাথে কুশলাদী ও ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। এসময় তিনি কয়েকজন আত্মসমর্পনকারীর উত্থাপিত ব্যক্তিগত সমস্যার কথা ধৈর্য্য সহকারে শোনেন এবং তৎক্ষণিক সমাধানের নির্দেশ দেন।