ঢাকা, রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সীমান্তে চীনের ১৫ হাজার সেনা, জরুরি বৈঠকে ভারত

লাদাখের গালওয়ানে সংঘর্ষের পর সীমান্ত সমস্যা সমাধানে কয়েকদফা বৈঠকে বসেছে চীন-ভারত। কিন্তু তাতে কোনও ফল না আসলেও উত্তেজনা বেড়েছে ঠিকই। সীমান্তে নতুন করে চীনের ১১ হাজার সেনা মোতায়েন নিয়ে আবারও শুরু হয়েছে উত্তেজনা ও জল্পনা।

তাই সেনা প্রত্যাহার নিয়ে চীনের সঙ্গে আবারও আলোচনায় বসেছে ভারত। দেপসাং থেকে সেনা সরানো নিয়ে ওই বৈঠক অনুষ্ঠিত হয় বলে জানা গেছে।

ভারতীয় সংবাদ মাধ্যমের খবরে বলা হয়, পরিস্থিতি যাতে আরও উত্তপ্ত না হয়, সে কারণেই শনিবারের এই বৈঠক হয়েছে। কারণ গত কয়েক দিন ধরেই দেপসাংয়ে দুই দেশের সেনা মোতায়েনকে ঘিরে চাপা উত্তেজনা বিরাজ করছিল।

ভারতের পক্ষে মেজর জেনারেল অভিজিৎ বাপত এবং তিন মাউন্টেইন ডিভিশনের জেনারেল অফিসার কম্যান্ডিং (জিওসি) বৈঠকে অংশ নিয়েছেন।

বৈঠকে দেপসাংয়ে চীনের সেনা মোতায়েনের বিষয়টি তুলে ধরা হয়। পাশাপাশি, ওই এলাকায় ভারতীয় সেনার টহলদারিতে বাধা দেয়ার প্রসঙ্গটিও তোলা হয়।

ভারতের দাবি, দেপসাংয়ের বিপরীতে প্রায় ১৫ হাজার সেনা, ট্যাঙ্ক, কামান মোতায়েন করেছে চীন। লাদাখের উত্তরে অবস্থিত দেপসাংয়ের রণ-কৌশলগত ব্যাপক গুরুত্ব রয়েছে।