ঢাকা, রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

রিজেন্ট-জেকেজি সম্পর্কে যা জানি বলেছি : ডা. আজাদ

স্বাস্থ্য অধিদফতরের সদ্য সাবেক মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ বলেছেন, রিজেন্ট হাসপাতাল ও জেকেজি হেলথ কেয়ার সম্পর্কে যা জানি তা দুদকের অনুসন্ধান দলকে বলেছি। তদন্তাধীন বিষয় সম্পর্কে এ মুহূর্তে আমার পক্ষে এর বেশিকিছু বলা সম্ভব নয়।

দ্বিতীয় দিনের মতো বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রধান কার্যালয়ে হাজির হওয়ার পর ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ শেষে বের হয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

আবুল কালাম আজাদ বলেন, রিজেন্ট হাসপাতাল ও জেকেজি হেলথ কেয়ারের বিষয়ে দুর্নীতি দমন কমিশন তদন্ত করছে। সাবেক মহাপরিচালক হিসেবে আমি কী জানি, তার জন্য দুদকের তদন্ত কর্মকর্তা আজ আমাকে আসার অনুরোধ করেছিলেন। আমি যা জানি তা তাদের বিস্তারিত বলেছি।

এদিন দ্বিতীয়বারের মতো সকাল সাড়ে ৯টার কিছু পরে সেগুনবাগিচাস্থ দুদক কার্যালয়ে আসেন করোনা কালে ও আলোচিত-সমালোচিত আবুল কালাম আজাদ। এরপর সকাল ১০টা থেকে দুদকের পরিচালক শেখ মো. ফানাফিল্যার নেতৃত্বাধীন একটি দল তাকে জিজ্ঞাসাবাদ শুরু করে।

এর আগে গতকাল বুধবারও (১২ আগস্ট) করোনাকালে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী কেনায় দুর্নীতির অনুসন্ধান তদন্তের তলবে দুদকে হাজির হয়েছিলেন আবুল কালাম আজাদ।