সংবিধান থেকে রাষ্ট্রধর্ম ইসলাম বাদ দিয়ে ধর্মনিরপেক্ষতা লেখা চালু করার দাবিতে মাইনরিটি সংগ্রাম পরিষদের সভাপতি অশোক কুমার সাহার পক্ষে সুপ্রিমকোর্টের আইনজীবী অশোক কুমার ঘোষের লিগ্যাল নোটিশ পাঠানোর ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব আল্লামা জুনায়েদ বাবুনগরী।
মঙ্গলবার (১৮ আগস্ট) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এই প্রতিবাদ জানায়।
তিনি বলেন, রাষ্ট্রধর্ম ইসলামের মতো একটি মীমাংসিত ইস্যুতে নতুন করে বিতর্ক তৈরি করে দেশের সার্বিক পরিস্থিতি অস্থিতিশীল করার লক্ষ্যে তথাকথিত ‘মাইনরিটি সংগ্রাম পরিষদ’ এর সভাপতি অশোক কুমার সাহা এই লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন বলে আমরা মনে করি। রাষ্ট্রধর্ম ইস্যুটি ২০১৬ সালে আদালত মীমাংসা করে দিয়েছেন। তাই এই বিষয়ে নতুন করে বিতর্ক তোলার কোনো যৌক্তিকতা নেই।
তিনি আরও বলেন, আমাদের ধারণা, এটিকে ইস্যু বানিয়ে দেশের পরিস্থিতি ঘোলাটে করার অপচেষ্টায় লিপ্ত রয়েছে ইসলাম ও দেশবিরোধী শক্তি। তাই সংশ্লিষ্ট মহলকে দ্রুত ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জোর দাবি জানাচ্ছি। এছাড়া রাষ্ট্রধর্ম ইসলাম বাংলাদেশের মাইনরটিদের জন্য কোনো কালেই সমস্যা ছিল না, আগামীতেও সমস্যার কারণ হবে না। অযথা ষড়যন্ত্র থেকে বিরত থাকুন। না হয় দেশের আপামর দেশপ্রেমি তৌহিদি জনতা আপনাদের উপযুক্ত জবাব দেবে।
সরকারের প্রতি আহ্বান জানিয়ে হেফাজতের এ নেতা বলেন, যারা এই দেশের সংখ্যাগরিষ্ঠ জনগণের ধর্মীয় আবেগ-অনুভূতি নিয়ে তামাশা করতে চায়, তাদের কঠোর হস্তে দমন করুন। মীমাংসিত ইস্যুতে নতুন করে বিতর্ক তুলে কারা ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়, তা খুঁজে বের করুন। অন্যথায় দেশের তৌহিদি জনতা পূর্বের ন্যায় মাঠে নেমে আসবে।